কবিতার ছন্দে কর্মজীবনকে ইতি! হাসিমুখে অবসর নিলেন সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ

৩১ জানুয়ারি বছরের প্রথম মাসের শেষ দিনে নিজের কর্মজীবনকে বিদায় জানালেন শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ। আর কর্মজীবনকে বিদায় জানানোর সময় তাকে পাঠ করে শোনাতে দেখা গেল বিদায় কবিতা।

দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শিক্ষকতার পাশাপাশি খবর সঞ্চালক ও অনুষ্ঠান সঞ্চালক হিসাবেও পরিচিত। তবে সব কিছুর শুরু যেমন রয়েছে ঠিক সেই রকমই তার শেষও থাকে। ঠিক সেই রকমই শনিবার শিক্ষকতার কর্মজীবনকে বিদায় জানালেন তিনি। তবে শিক্ষকতার কর্মজীবনকে বিদায় জানালেও তিনি বাড়িতে বসে থাকার মানুষ নন সে কথা বিদায় মঞ্চেই তাকে ঘোষণা করতে দেখা গেল। তিনি বিদায় মঞ্চে জানিয়ে দিলেন, এরপর হয়তো তাকে কোন সংবাদ সঞ্চালকের ভূমিকায় অথবা অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে।

আরও পড়ুনঃ ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড! পানুরিয়ায় সংঘর্ষের পর পুড়ে ছাই আস্ত জোড়া ডাম্পার

শুভাশিস চট্টরাজ দীর্ঘদিন ধরেই শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের সঙ্গে যুক্ত। তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভুপানন্দ মহারাজের সময়কাল থেকে স্কুলে যোগ দিয়েছিলেন। প্রথমদিকে একজন সহশিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পরে প্রধান শিক্ষক হন। জীবন বিজ্ঞানের এই শিক্ষক ছাত্রদের খুবই ভালোবাসতেন। সহজেই ছাত্রদের সঙ্গে মিশে যেতে পারতেন। তার হাতে তৈরি বহু ছাত্র এখন দেশ-বিদেশের নামিদামি জায়গায় কর্মরত।

এদিনের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ থেকে শুরু করে দুবরাজপুর পৌরসভার জনপ্রতিনিধিদের একাংশ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও ছাত্ররা।