গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষায় যাতে পরীক্ষার্থীদের কোনো রকম সমস্যা না হয় তার জন্য প্রশাসনের তরফে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর এই মাধ্যমিক পরীক্ষাতেই এবার দেখা গেল এক ছাত্রীর অদম্য লড়াই, পরীক্ষায় পাশ করার অদম্য চেষ্টা।
দুবরাজপুর ব্লকের অন্তর্গত যশপুর হাইস্কুলের ছাত্রী নার্গিস খাতুন। সে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। মাধ্যমিক পরীক্ষায় তার সিট পড়েছে দুবরাজপুরের তপন বসু হাইস্কুলে। কিন্তু তার দুটি কিডনিতে পাথর থাকার কারণে গতকাল থেকে পেটে ও পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয়। তবে অসহ্য যন্ত্রণাতেও সে মাধ্যমিক পরীক্ষা দিতে অটুট এবং তারই পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনরকম অসুবিধা না হয়।
আরও পড়ুনঃ স্বপ্নপূরণ! সিউড়ি স্টেশনে থামল বেঙ্গালুরু-কামাক্ষা এক্সপ্রেস, রাজকীয় অভ্যর্থনায় ভাসল শহর
নার্গিস গতকাল পেটে যন্ত্রণা নিয়ে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। আর এই খবর প্রশাসনের কাছে পৌঁছতেই তাদের তরফ থেকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে বসেই তার পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। হাসপাতালে বসেই এখন মাধ্যমিক পরীক্ষায় পাশের আশায় বীরভূমের দুবরাজপুরের নার্গিস।
