সিউড়ি বক্রেশ্বর রাজনগর নলা, রেল প্রকল্পের মাঝেই আরও একটি সুখবর! ভীমগড় পলাশস্থলি রেল নিয়ে এলো বড় আপডেট

বীরভূমের রেল মানচিত্রে এখন নতুন নতুন পালক যুক্ত হওয়ার অপেক্ষা। বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জির আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় রেল মন্ত্রক এমন একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলেই তারা জানিয়েছে। ইতিমধ্যেই রেলের তরফ থেকে সিউড়ি বক্রেশ্বর রাজনগর নলা পর্যন্ত নতুন ৭৩ কিলোমিটার রেল লাইন যাতে বাস্তবায়িত করা যায় তার জন্য সার্ভের অনুমোদন দিয়েছে। পাশাপাশি সিউড়ি প্রান্তিক প্রস্তাবিত রেল প্রকল্প, যা বছরের পর বছর ধরে শীত ঘুমে রয়েছে, সেই প্রকল্প নিয়েও এখন রেল সবুজ সংকেত দিয়েছে। আর এই সকল সুখবরের মধ্যেই এবার আরও একটি সুখবর মিললো, আর সেই সুখবর হলো ভিমগড় পলাশস্থলি রেললাইন নিয়ে।

খয়রাশোল ব্লকের অন্তর্গত ভীমগড় থেকে পলাশ থলি পর্যন্ত রেললাইন রয়েছে বহু বছর ধরেই। এছাড়াও রয়েছে স্টেশন। আগে এই রেল লাইন দিয়েই প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করতো। পুরাতন দিনের কথা মনে করতে গিয়ে অনেকেই জানিয়েছেন, তারা ট্রেনে চড়ে এই লাইনের উপর দিয়েই অন্ডাল সহ বিভিন্ন জায়গা পাড়ি দিয়েছেন। কিন্তু অজ্ঞাত কারণে এই লাইনের উপর দিয়ে কয়েক দশক ধরে প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ। পাশাপাশি অনেক সময় এই লাইনের উপর থাকা রেলের বিভিন্ন সরঞ্জাম দুষ্কৃতীরা চুরি করেও নিয়ে গিয়েছে। তবে এমন পরিস্থিতির মধ্যেই এবার ভীমগড় থেকে পলাশস্থলি পর্যন্ত রেললাইন নিয়ে বড় আপডেট দিলেন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মোটর বাইক ধাক্কা মারলো সাইকেল আরোহীকে, আহত হয়ে হাসপাতালে ভর্তি ৪

২৫-৩০ বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই রেললাইন যাতে নতুন করে চালু করা যায়, সেই বিষয়েই বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা রেলমন্ত্রী থেকে শুরু করে রেলের ডিআরএম ও জিএম কে বারবার চিঠি দিয়েছেন বলে দাবি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, জনগণের স্বার্থে যেখানে যেতে হয় সেখানে তিনি যাবেন। যাতে করে এই রেল লাইনের উপর দিয়ে পুনরায় প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে।