মোদির পরেই মমতার সভা সিউড়িতে! ডবল লোক আনার চ্যালেঞ্জ উজ্জল চ্যাটার্জির

তিন দশকের বেশি সময় পর দেশের কোন প্রধানমন্ত্রী সিউড়িতে এসে জনসভা করে গেলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই জনসভায় ছিল চোখে পড়ার মতো মানুষের আগমন। নরেন্দ্র মোদিকে একবার স্বচক্ষে দেখতে দূর দূরান্ত থেকে কাতারে কাতারে মানুষের আগমন হয়। লোক দেখে অনেকেই বলছেন এবার হয়তো পরিবর্তন অনস্বীকার্য।

কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল তো আর এত সহজে ছেড়ে দেওয়ার দল নয়। এরই পরিপ্রেক্ষিতে এবার মোদির পরই মমতার (Mamata Banerjee) সভা হতে চলেছে সিউড়িতে। সিউড়ির ইরিগেশন কলোনি মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে বলেই জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। আর এই সভাতে মোদির সভার ডবল লোক আনার চ্যালেঞ্জ দিলেন সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জী। পাশাপাশি তিনি মোদির সভায় বিজেপি শাসিত রাজ্য থেকেও লোক আনা হয়েছিল বলে দাবি করেন।

সিউড়ির চাঁদমারি মাঠে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পর এবার তেরো এপ্রিল রবিবার সিউড়ির রিলেশন কলোনী মাঠে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। যে সভার প্রস্তুতি হিসাবে বৃহস্পতিবার রাতেই মাঠ পরিদর্শন করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি থেকে শুরু করে তৃণমূল নেতা কর্মীদের। সভা নিয়ে উজ্জ্বল চ্যাটার্জি জানিয়েছেন, প্রধানমন্ত্রী সিউড়িতে এসে অনেক অবাস্তব মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তার জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।