নিজস্ব প্রতিনিধি, বীরভূম: সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার পশ্চিমবঙ্গে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করে পরিসংখ্যান পেশ করার পরেই আসরে নামলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। নাম না করে ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘বোকা’ বলে কটাক্ষ করলেন এই দাপুটে নেতা।
অনুব্রত মণ্ডল সাফ জানান, “উনি বাংলাকে এখনো ভালো করে চেনেন নাই। এটা বিহার নয়, বাংলা। বাংলাকে বোকা ভাবার কিছু নেই। উনি নিজেও একজন বোকা লোক।” ভোটার তালিকা নিয়ে কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, রাজ্যে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম এখনো বিচার-বিবেচনার অধীনে রয়েছে। তবে তাঁর দৃঢ় বিশ্বাস, আগামী এক সপ্তাহের মধ্যে ৬১ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হবে।
বিজেপি বা বিরোধী শিবিরের প্রতি পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে কোনো চালাকি কাজ করবে না।” দেশের স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদানের কথা মনে করিয়ে দিয়ে তিনি কমিশনকে মনে করিয়ে দেন যে, বাংলাকে বিহারের মতো ভাবলে ভুল করা হবে।
