কেউ করছে রান্না, কেউ রাজমিস্ত্রির কাজ! বীরভূমের দুই বিজেপি প্রার্থীর কর্মকাণ্ডে অবাক জেলা

চলতি বছর বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পর প্রচারে অভিনব সব পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে প্রার্থীদের। আর এসবের মধ্যে কিছুটা হলেও যেন এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপি প্রার্থীদের কাউকে দেখা যাচ্ছে আলু তুলতে, কাউকে আবার ভোটারের দাড়ি কামাতে, আবার কাউকে কাউকে দেখা যাচ্ছে আরো নতুন নতুন কাজ করতে। আর এসবের মধ্যেই এবার বিজেপির এক প্রার্থীকে রান্না করতে দেখা গেল, আরেক প্রার্থীকে আবার দেখা গেল রাজমিস্ত্রির কাজ করতে।

বীরভূমের লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশীষ ওঝা দিন দুয়েক আগে প্রচারে বেরিয়ে পৌঁছে গিয়েছিলেন লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে বাড়ি বাড়ি প্রচার চালানোর সময় আচমকা তাকে খুন্তি হাতে রান্না করতে দেখা যায় বাগসিনা গ্রামে। ওই গ্রামে প্রচার চালানোর সময় গৃহস্থের বাড়িতে যখন তিনি পৌঁছন তখন সেখানে রান্না হচ্ছিল। আর তখনই তিনি খুন্তি হাতে রান্না করতে শুরু করেন।

অন্যদিকে নতুন করে প্রচারে সাড়া ফেলে দিয়েছেন নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাস। তিনি এর আগে আলু তোলা থেকে শুরু করে গবাদিপশুর ছানি কাটা, বাঁশ কাটা, ঘর ছোয়ানো ইত্যাদির পাশাপাশি এবার তিনি সরাসরি রাজমিস্ত্রির কাজে হাত লাগান। শনিবার তিনি যখন নানুরের চারকল গ্রামে নির্বাচনী প্রচারে যান তখন দেখতে পান একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ চলছে। সে সময় তিনি নিজেকে আটকে রাখতে না পেরে প্রটোকল ভেঙ্গে ওই বাড়িতে ঢুকে পড়েন এবং পৌঁছে যান কাজের জায়গায়। আর তারপর কোনো দ্বিধা ছাড়াই রাজমিস্ত্রি ও শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কড়াই হাতে রাজমিস্ত্রির কাজে লেগে পড়েন।