বীরভূমে রাজনীতির ঊর্ধ্বে সৌজন্য! তৃণমূলের সানওয়ারের কাছে ভোট চাইলেন বিজেপির জগন্নাথ, তারপর যা ঘটল..

ভোট প্রচারে মঙ্গলবার নজিরবিহীন এক মুহূর্তের সাক্ষী থাকলো বীরভূম। কেননা এদিন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি সরাসরি তৃণমূলের চিনপাই অঞ্চল কোর কমিটির সদস্য শেখ সানোয়ার হোসেনের সাথে সাক্ষাৎ করেন এবং তার কাছে ভোট প্রার্থনা করেন। শুধু তাই নয়, দুজনের সাক্ষাতের পর বিস্ফোরক দাবিও করতে দেখা গেল জগন্নাথ চ্যাটার্জিকে।

এদিন সিউড়ি শিয়ালদা মেমু ট্রেনে চড়ে সিউড়ি থেকে ভোরবেলায় প্রচারে বেরিয়েছিলেন জগন্নাথ চ্যাটার্জি। সিউড়ি স্টেশনে চড়ার পর তিনি নামেন চিনপাই স্টেশনে। তারপর সেখানে শুরু হয় তার জনসংযোগ।

এমন সময় চিনপাই স্টেশন থেকে নেমে গ্রামে যখন জনসংযোগের জন্য এগিয়ে যাচ্ছেন ঠিক সেই সময়ই চিন্তায় অঞ্চল কোর কমিটির সদস্য শেখ সানোয়ার হোসেনের সাথে সাক্ষাৎ হয় তার। দুজনে কথা বলার পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন এবং জগন্নাথ চ্যাটার্জি তাদের কাছে ভোট প্রার্থনা করেন।

দুজনের সাক্ষাতের পর তৃণমূল নেতা শেখ সানোয়ার হোসেন জানান, তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা জানিয়েছেন। উনি ভোটের বিষয়টি দেখার জন্য জানিয়েছেন।

অন্যদিকে এমন সাক্ষাৎকারের পর জগন্নাথ চ্যাটার্জি জানান, উনি তৃণমূল নেতা হলেন তো কি আছে। তিনিও তো একজন ভোটার। ভোট প্রার্থনা করতেই পারেন। আর এখন সবাই উপরে তৃণমূল করলেও ভিতরে ভিতরে বিজেপি।