নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়া এখন চলছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ইতোমধ্যেই অনেকেই রয়েছেন যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আয়োজন দেখা যাচ্ছে। তবে সেই সমস্ত আয়োজনকে ঝাঁপিয়ে গেল দক্ষিণ দিনাজপুর। কেননা দক্ষিণ দিনাজপুরে বিজেপির নমিনেশন (BJP Nomination File) পর্বে দেখা গেল বুলডোজার। বুলডোজার নিয়ে নমিনেশন করতে আসেন প্রার্থীরা।
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বৃহস্পতিবার এমন ছবি ধরা পড়ে। গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে হরিরামপুর ও কুশমন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার এবং তাপস রায় মনোনয়ন জমা দিতে আসেন। মনোনয়ন জমা দেওয়ার আগে বিশাল মিছিল করে বিজেপি নেতৃত্ব। মিছিলে পা মেলান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতা কর্মী সমর্থকরা। মিছিলে ঢাক ঢোল থেকে শুরু করে রকমারি আয়োজনের পাশাপাশি বাড়তি নজর কাড়ে দুটি বুলডোজার। মনোনয়ন পর্বে বুলডোজার নিয়ে মনোনয়নের আগের রাজ্যে কোথাও দেখা যায়নি বললেই চলে।
আর এই ঘটনাকে কেন্দ্র করেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি জানান, বুলডোজারও ছিল, ডিজেও ছিল। এবার তালে তালে তৃণমূলও নাচবে।
