দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস এবং তাদের সোশ্যাল মিডিয়া পরিচালনা করেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে দুবরাজপুর থানার দ্বারস্থ হলো বিজেপি। বুধবার তারা এমন সিদ্ধান্ত নেন। তাদের এমন সিদ্ধান্তের পিছনে রয়েছে কি কারণ রয়েছে তা জানিয়েছেন খোদ দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা।
আসলে দুবরাজপুরের বনহরী গ্রামে বিজেপির যুব আড্ডা কর্মসূচিতে বিধায়ক অনুপ কুমার সাহা বক্তব্য রাখছেন আর সেই বৈঠকে বসে থাকা তিন যুবককে ঘিরে এমন রাজনৈতিক বিতর্ক। যে তিন যুবকের উপস্থিতি সেখানে লক্ষ্য করা যায় তারা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত বলে দাবি করে তৃণমূলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিজেপি থানার দ্বারস্থ হয়।
বিধায়ক জানিয়েছেন, তিনি ওই কর্মসূচিতে আমন্ত্রিত ছিলেন। এখানে কে বা কারা উপস্থিত ছিলেন তা তার জানার বিষয় নয়। এমন পরিস্থিতিতে ওই তিনজনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাকে কালিমালিপ্ত করার পরিকল্পনা মোতাবেক এমন কাজ করা হয়েছে।
আরও পড়ুনঃ ভোটের আগে ফের ভাঙ্গন বিজেপিতে! দুবরাজপুর এ নতুন করে তৃণমূলে যোগ ৫০ পরিবারের
এর পাশাপাশি বিজেপির দুবরাজপুর মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি জানিয়েছেন, মন্ডলের সকলকে চেনা সম্ভব নয়। আর যদি তারা সত্যিই অপরাধী তাহলে তারা কেন বাইরে রয়েছে?
অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য জানিয়েছেন, তাদের আইটি সেল যা পোস্ট করেছে যথাযথ পোস্ট করেছে। তারা বোঝাতে চাইছেন এখানকার বিধায়ক কাদের নিয়ে চলে।
