নিজস্ব প্রতিনিধি, বোলপুর: লোকসভা কিংবা বিধানসভা—বোলপুর জুড়ে ঘাসফুলের জয়জয়কার থাকলেও কাঁটা হয়ে বিঁধছে বোলপুর পৌরসভা। ২০১৯ সালের পর থেকে বারবার কেন পৌরসভা এলাকায় হারছে শাসক দল? এই প্রশ্ন নিয়েই এবার সরাসরি সাধারণ মানুষের দরজায় হাজির হলেন বোলপুর বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
জনসংযোগের মঞ্চ থেকে অত্যন্ত বিনম্র সুরে মন্ত্রী প্রশ্ন তোলেন, “২০১৯-এর পর কী এমন হলো যে আমরা বোলপুর পৌরসভায় বারবার হেরে যাচ্ছি?” তাঁর সাফ কথা, যদি জনসংযোগের অভাব থাকে বা কোনো ভুল হয়ে থাকে, তবে তা সংশোধন করতে দল প্রস্তুত। নাম না করে বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি শিক্ষিত সমাজকে সতর্ক করে বলেন, “বিজেপি শাসিত রাজ্যগুলোতে কী চলছে দেখছেন তো? ওরা এলে কথা বলার সুযোগ পাবেন না।”
উন্নয়নের সপক্ষে সওয়াল করে মন্ত্রী মনে করিয়ে দেন, পৌরসভা ভোটে হারলে কেন্দ্রীয় বা বিশেষ বরাদ্দের টাকা অনেকাংশেই বন্ধ হয়ে যায়, যা শহরের পরিকাঠামোয় প্রভাব ফেলে। ধর্মের হাওয়ায় গা না ভাসিয়ে কাজের নিরিখে বিচার করার অনুরোধ জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, বোলপুর শহরে বিজেপির ক্রমবর্ধমান প্রভাব রুখতেই নির্বাচনের আগে এভাবে ‘ভুল সংশোধনে’র বার্তা দিচ্ছেন মন্ত্রী।
