টিকা দেওয়ার পর শিশুর পা ফুলে ঢোল, তীব্র ব্যথা! গাফিলতির অভিযোগে উত্তাল সিউড়ি

সিউড়ি পৌরসভার অন্তর্গত ছয় নম্বর ওয়ার্ডের ভট্টাচার্য পাড়ায় থাকা সিউড়ি পৌরসভার সুস্বাস্থ্য কেন্দ্রের (SURI Municipality UHWC) বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল। এলাকার এক শিশুকে মাসখানেক আগে নয় মাসের টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার পর থেকেই পা ফুলে যাওয়া এবং ব্যথা ছিল। পরে তা সামান্য কমলেও আবার একই পরিস্থিতি তৈরি হয়।

এমন ঘটনার পর যখন বিষয়টি অত্যন্ত বাড়াবাড়ির জায়গায় পৌঁছে যায় তখন ওই শিশুর অভিভাবকরা সিউড়ির এক প্রাইভেট চিকিৎসালয়ে শিশুকে দেখান। সেখানেই বলা হয়, ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে কোন ত্রুটি হওয়ার কারণেই এমন পরিস্থিতি।

এমনটা শুনেই রেগে লাল ওই শিশুর পরিবারের সদস্যরা শনিবার সুস্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখান। সুস্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে সিউড়ি পৌরসভার হস্তক্ষেপ এবং বীরভূম স্বাস্থ্য জেলার আধিকারিকদের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।

পরিবারের সদস্যদের দাবি দাওয়া অনুযায়ী ওই শিশুর চিকিৎসার দায়িত্ব নেয় বীরভূম স্বাস্থ্য জেলা। যা জানা যাচ্ছে তাতে আগামীকাল সোমবার ওই শিশুর অপারেশন হতে পারে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।