দুবরাজপুরের গৃহবধূর সঙ্গে নৃশংস ঘটনায় তদন্তে টিনা! অন্যদিকে রাস্তা অবরোধ পরিজনদের

বাড়িতে কারো না থাকার সুযোগকে কাজে লাগিয়ে গৃহবধুর সঙ্গে নৃশংস ঘটনা, যে ঘটনার তদন্তে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে পুলিশ, এর পাশাপাশি আবার ওই গৃহবধুর পরিজনরা নামেন রাস্তা অবরোধে।

গতকাল বুধবার দুবরাজপুর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চায়না মন্ডল গড়াই যখন বাড়িতে একাই ছিলেন তখন তাকে কেউ বা কারা কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনার পর ওই গৃহবধূর স্বামী বাড়িতে এসে দেখতে পান বিছানায় লুটিয়ে পড়ে চায়না। তড়িঘড়ি তাকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা দেখেই তাকে মৃত ঘোষণা করেন।

আর এই ঘটনার পর বৃহস্পতিবার দোষীকে গ্রেপ্তারের দাবিতে মৃতার পরিবার পরিজন ও স্থানীয়রা বাড়ির সামনেই মৃতদেহ সৎকারের জন্য ব্যবহৃত বাঁশের মাচা নিয়ে রানীগঞ্জ মরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য শুরু হয় এলাকায়।

আরও পড়ুনঃ বীরভূমে গৃহবধুর সঙ্গে নৃশংস কাণ্ড! বাড়িতে ঢুকে যা করল দুষ্কৃতীরা, জানলে আপনার রোম খাড়া হয়ে যাবে

এদিকে রাস্তা অবরোধ চলাকালীনই ঘটনার তদন্তের জন্য ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার তদন্তে নামে টিনা। টিনা হল ডগ স্কোয়াডের এক সদস্য। যাকে পূর্ব বর্ধমান থেকে আনা হয়। পূর্ব বর্ধমান থেকে আনা এই পুলিশ কুকুর তদন্তে নামতেই মৃতার বাড়ির আশেপাশে ঘোরাফেরা শুরু করে। তারপর সে পৌঁছে যায় বাড়ির পিছনের দিকের ফাঁকা জায়গায়। পুলিশ কুকুরের এমন হাবভাব দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে পরিচিত কেউবা কারা যুক্ত থাকলেও থাকতে পারেন। যদিও তদন্ত এখনো পর্যন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিছু বলার মুশকিল। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেছেন।