৪৮ ঘণ্টা পার, দুবরাজপুরে গৃহবধূর সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনায় অধরা অভিযুক্ত! নতুন করে পথ অবরোধ, বিক্ষোভ! একগুচ্ছ প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক

গত বুধবার ভর সন্ধে বেলায় দুবরাজপুরের গৃহবধূর সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনায় এখনও অধরা অভিযুক্ত। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কেন পুলিশ দোষীকে ধরতে পারল না, সেই প্রশ্ন তুলে নতুন করে রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। দেহ ময়না তদন্তের পর বৃহস্পতিবার সন্ধেয় দুবরাজপুরে বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গেই রাস্তায় দেহ রেখে রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পরিবারের লোকজন ও স্থানীয়রা। জাতীয় সড়কের উপর দেহ রেখে কখনো বসে পড়েন, কখনো দাঁড়িয়ে বিক্ষোভ দেখান তারা।

এমনকি এই বিক্ষোভে শামিল হন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহাও। তিনিও রাস্তায় বসে দোষীদের শাস্তির দাবি জানান। শুধু বিক্ষোভে সামিল হওয়া নয়, এর পাশাপাশি পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দেন অনুপ কুমার সাহা।

আরও পড়ুনঃ বীরভূমে ফিরল ‘সাদা থান’ সংস্কৃতি! ২৫ বছর আগের সেই হাড়হিম করা ত্রাস কি আবার ফিরছে?

নতুন করে অবরোধের খবর পেয়েই ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে ঘটনাস্থলে যান দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী ও দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর সাগর কুন্ডু।

রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে পুলিশে আশ্বাসে অবরোধ উঠে যায়। প্রায় দু’ঘণ্টা অবরুদ্ধ ছিল জাতীয় সড়ক। পরে যান চলাচল স্বাভাবিক হয়।