অবৈধভাবে বালি পাচার ঠেকানোর জন্য রাজ্য জুড়ে চলছে পুলিশ এবং প্রশাসনের অভিযান। তবে এই সকল অভিযানকে ফাঁকি দিয়েই বিভিন্ন সময় বালি পাচার করতে দেখা যাচ্ছে। মূলত রাত হলেই শুরু হচ্ছে বালি পাচারের কারবার। আর এবার এই ধরনের বালি পাচার ঠেকাতে গিয়ে দুবরাজপুর থানার পুলিশ বড় সাফল্য পেল।
দুবরাজপুর থানার পুলিশ অবৈধভাবে বালি পাচারের সময় সাতটি ট্রাক্টরকে আটক করতে সক্ষম হল। তবে বালি পাচারের ক্ষেত্রে পুলিশকে রীতিমতো ফিল্মি কায়দায় ঐ সকল ট্রাক্টরগুলিকে আটক করতে দেখা যায়। ঠিক কিভাবে পুলিশ ওই সাতটি ট্রাক্টরকে আটক করল তাহলে চলুন জেনে নেওয়া যাক।
দুবরাজপুর শহরের মুদি পাড়ার গুলি থেকে মূলত ওই সকল ট্রাক্টরগুলিকে আটক করা হয়। পুলিশ সূত্র মারফত জানতে পারে মুদিপাড়ার যে গলি রাস্তা রয়েছে সেখানে ওই সাতটি ট্রাক্টর লুকিয়ে লেখেছে বালি পাচারকারীরা। আর এমনটা জানতে পেরেই পুলিশের তরফ থেকে সেখানে অভিযান চালানো হয় এবং চারদিক ঘিরে ফেলা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর খবর জানতে পেরে যারা বালি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন তারা অবশ্য ঘটনাস্থল থেকে চম্পট দেন। তবে বালি বোঝাই ট্রাক্টরগুলিকে তারা নিয়ে যেতে সক্ষম হননি।
এরপর পুলিশ ওই সকল ট্রাক্টর গুলিকে আটক করে দুবরাজপুর থানায় নিয়ে আসে এবং ট্রাক্টর এর মালিক ও চালকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে। পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে অবৈধভাবে বালি বোঝায় ট্রাক্টর গুলি কোথা থেকে বালি নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল। মনে করা হচ্ছে অজয় নদ থেকেই অবৈধভাবে বালি তুলে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল।
