মিছিল করছে তৃণমূলের দুই গোষ্ঠী! যার সমর্থনে মিছিল, দেখা নেই সেই দুবরাজপুর বিধানসভার প্রার্থীরই

সপ্তাহখানেকের ব্যবধান, আর এই সপ্তাহখানেকের ব্যবধানে একই এলাকায় হয়ে গেল দু দুটি মিছিল। প্রথম মিছিলটি করে তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা কর্মী সমর্থকরা, আর দ্বিতীয় মিছিলটি করতে দেখা যায় অন্য গোষ্ঠীকে। তবে মিছিল যাদেরই হোক, যার সমর্থনে মিছিল তাকেই দেখা গেল না কোনটিতেই। এমনই বেনজির দৃশ্যের সাক্ষী থাকলো দুবরাজপুর বিধানসভার হেতমপুর।

হেতমপুরে তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী সেখানকার তৃণমূল প্রার্থী নরেশ চন্দ্র বাউড়ির (Naresh Chandra Bauri) সমর্থনে দিন কয়েক আগে একটি মিছিল করে। প্রার্থী ছাড়াই মিছিল হয়। আবার তাদের সেই মিছিলের পর শনিবার আর এক গোষ্ঠী মিছিল করে, সেখানেও দেখা মেলেনি প্রার্থীর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি প্রার্থী আসতে ভয় পাচ্ছেন? উত্তরে অবশ্য দুবরাজপুর ব্লক কোর কমিটির যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান জানিয়েছেন, হয়তো অন্য কোথাও প্রচারে ব্যস্ত আছেন বা কাজে ব্যস্ত আছেন তার জন্য আসতে পারেননি।

হেতমপুর অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব নতুন কিছু নয়। আর এরই পরিপ্রেক্ষিতে দুই গোষ্ঠীর দুটি মিছিল নিয়ে অনেকেই বলছেন, এলাকায় কার ক্ষমতা কত, কার লোকজন কত এইসব দেখানোর জন্যই এমনটা চলছে। যদিও রফিউল হোসেন খান দাবি করেছেন, তাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। সব মিটে গিয়েছে। ভোটের ফলাফলের দিন রেজাল্ট দেখলেই বোঝা যাবে।

ঘটনার পরিপ্রেক্ষিতে খোঁচা দিতে ছাড়েন নি বিজেপির দুবরাজপুর মন্ডলের সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি।