সিউড়ি থানার অন্তর্গত আব্দারপুরের কাছে থাকা একটি ভাংড়ির গোডাউনে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত থেকে আট লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ভাংড়ির গোডাউনের মালিক রীতিমত ভেঙে পড়েছেন।
ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে এদিন কোন কারণে ওই গোডাউনে আগুন লেগে যায়। গোডাউনে প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ থাকার ফলে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। এছাড়াও আগুন বাতাসের কারণে আরো দ্রুততার সঙ্গে ভয়াবহ আকার নেয়।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছই সিউড়ি দমকল বাহিনীর দুটি ইঞ্জিন এবং তাদের তৎপরতায় তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ধরনের গোডাউন নিয়ে দমকলের তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হচ্ছে।
আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূলে বড়সড় ভাঙন! পদ্ম শিবিরে নাম লিখিয়েই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন কর্মী
আব্দারপুরের জাতীয় সড়কের পাশে যেখানে এই গোডাউনটি রয়েছে, সেখান থেকে কিছুটা দূরেই রয়েছে একটি পেট্রোল পাম্প এবং স্কুল। এমন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আগুন কোনোভাবে ওই সকল জায়গায় ছড়িয়ে পড়লে আরো ভয়াবহ আকার নিতে পারত। পাশাপাশি এই গোডাউনে এর আগেও একবার আগুন লেগেছিল, যে কারণে আগুন নিয়ন্ত্রণের জন্য ঠিক কি কি ব্যবস্থা রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠছে।
