প্রত্যেকবারই বোলপুর শহরে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়লেও গ্রাম পঞ্চায়েত এলাকায় দল বিপুল জয় পাচ্ছে—এই বিষয়টি নিয়েই আক্ষেপ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী ও বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। গতকাল রবিবার বোলপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে আয়োজিত ‘উন্নয়নের পাঁচালী’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
সভায় চন্দ্রনাথ সিনহা বলেন, বোলপুর শহরের নির্দিষ্ট কিছু ওয়ার্ডে বারবার তৃণমূল কংগ্রেস পরাজিত হলেও আশপাশের গ্রামাঞ্চলে দল ব্যাপক সমর্থন পাচ্ছে। বিশেষ করে নিজের ওয়ার্ড এবং তৃণমূলের জেলা কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডলের ওয়ার্ডে দলের পরাজয় নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন।
মন্ত্রী জানান, গ্রাম পঞ্চায়েত ও অন্যান্য এলাকায় বিপুল ভোটে জয় এলেও এই দুই ওয়ার্ডে বারবার পিছিয়ে পড়ার কারণে দলীয় অন্দরেই তাঁদের কটাক্ষের মুখে পড়তে হয়। নিজের ওয়ার্ডে আয়োজিত সভা থেকেই এই বিষয়ে বিস্ফোরক দাবি করেন চন্দ্রনাথ সিনহা।
তিনি আরও বলেন, “যদি আমাকে কেউ পছন্দ না করে, তাহলে সরাসরি বলে হারান, তাতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু এভাবে বারবার হারের মুখ দেখানোর পর শুধু কটাক্ষই নয়, অনেক উন্নয়নের কাজও আটকে যাচ্ছে।”
