বীরভূমের উপর দিয়ে যাওয়া ১৪ নম্বর জাতীয় সড়কে দিন দিন বাড়ছে দুর্ঘটনা। মোটরবাইক দুর্ঘটনায় কখনো প্রাণ হারাতে দেখা যাচ্ছে আরোহীদের, কখনো আবার পণ্যবাহী যানবাহনের সংঘর্ষে হুলস্থূল হুলুস্থুল কান্ড। ঠিক সেই রকমই এবার ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গেল শনিবার ভোররাতে।
শনিবার ভোররাতে সদাইপুর থানার অন্তর্গত পানুরিয়া বাস স্ট্যান্ড এর কাছে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ বাধে। যে দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে দুটি গাড়িতেই দাউ দাউ করে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় রীতিমত পুড়ে ছাই হয়ে গিয়েছে আস্ত ডাম্পার দুটি।
আরও পড়ুনঃ বাজেটের দিনেই এল ঝটকা! বেড়ে গেল LPG গ্যাস সিলিন্ডারের দাম, দেখুন এবার থেকে লাগবে কত
এদিন ভোর চারটে নাগাদ এমন দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ায়। তবে আগুন লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনক্রমে গাড়ি থেকে বেরিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন চালক ও খালাসী। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেলে সদাইপুর থানা ও দমকল বাহিনীকে খবর দেয়।
স্থানীয়দের থেকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছই সদাইপুর থানার পুলিশ এবং দমকল বাহিনী। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরিপ্রেক্ষিতে ১৪ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। যদিও দমকল বাহিনীর তৎপরতায় ও পুলিশের সহযোগিতায় সকালের দিকে সমস্ত কিছু স্বাভাবিক হয়।
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, দুটি গাড়ির একটি দুবরাজপুরের দিক থেকে বালি বোঝাই করে আসছিল। অন্যদিকে একটি পাথর বোঝাই গাড়ি দুবরাজপুরের দিকে যাচ্ছিল। তাদের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
