‘বিরোধীদের চামড়া তুলে নেব আমরা’! তৃণমূলের মিছিলে উস্কানিমূলক স্লোগানে বিতর্ক বীরভূমে, পাল্টা দিল বিজেপি

ভোটের আগে নিজেদের প্রার্থীদের হয়ে বিভিন্ন জায়গায় প্রচারে নামছে কর্মী সমর্থকরা। একইভাবে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলও (TMC)। তবে এই প্রচার চালানোর সময়ই বীরভূমের দুবরাজপুর এলাকায় রীতিমতো উস্কানিমূলক স্লোগান তুলতে দেখা গেল তৃণমূল নেতা, কর্মী সমর্থকদের। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর এই বিতর্কের মাঝেই বিজেপি স্পষ্টভাবেই জানিয়েছে, জবাব দেবে জনতা জনার্দন।

দুবরাজপুর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেশ চন্দ্র বাউড়ির সমর্থনে হেতমপুর গ্রামের তৃণমূলের বিক্ষুব্ধ নেতারা শনিবার একটি মিছিল করে। যথেষ্ট ভিড় নিয়েই ওই মিছিলটি হেতমপুর গ্রাম পরিক্রমা করে। আর এই কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করার সময়ই হেতমপুরের তৃণমূল নেতা অভিনিবেশ রায় স্লোগান তোলেন, বিরোধীদের চামড়া তুলে নেব আমরা।

বিপুলসংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে মিছিলের পাশাপাশি এই ধরনের উস্কানিমূলক মন্তব্য গ্রাম গঞ্জে ভয়ের বাতাবরণ, ভয়ের পরিবেশ সৃষ্টি করবে তা নিয়ে নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। যদিও এমন স্লোগানের পরিপ্রেক্ষিতে সাফাই দিয়ে অভিনিবেশ রায় জানিয়েছেন, এই স্লোগান কেবলমাত্র নিজেদের সংগঠনের শক্তি দেখানোর জন্য।

এই মিছিলে দুবরাজপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অথবা ব্লক স্তরের কোন নেতাকে লক্ষ্য করা যায়নি। যে বিষয়টি নিয়ে নতুন করে বেতনপুর এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি মাথাচাড়া দিচ্ছে। এমনকি মিছিলে উপস্থিত দুবরাজপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধক্ষ মহ জসিমউদ্দিন একপ্রকার শিকার করেও নিয়েছেন।

অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী এমন উস্কানিমূলক মন্তব্যের পাল্টা হিসাবে জানিয়েছেন, এটাই তৃণমূলের কাজ। ১৫ বছর ধরে করে আসছে। এই বছর জনতা জনার্দন উত্তর দিয়ে দেবে ব্যালট বক্সে। এটাই হবে তৃণমূলের শেষ ভোট।