গোপন সূত্রে খবর পেয়ে কয়লা পাচার ঠেকাতে খোদ সিউড়ি থানার আইসি ময়দানে নামেন। তার নেতৃত্বে অভিযান চালিয়ে একসঙ্গে সাতটি কয়লা বোঝাই লরি আটক করা সম্ভব হয়। সিউড়ি থানার আইসির নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় রাজনগর-সিউড়ি রাস্তার রাজারপুকুর পেট্রল পাম্পের কাছে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তা দিয়ে অবৈধ কয়লা পাচার হতে পারে বলে সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়ের কাছে একটি আগাম খবর পৌঁছায়। দেরি না করে আইসি-র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সন্ধ্যায় রাজারপুকুর এলাকায় ওত পেতে বসে। লরিগুলি আসতেই পুলিশ সেগুলিকে ঘিরে ফেলে এবং আটক করে থানায় নিয়ে আসা হয়।
অভিযান প্রসঙ্গে সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায় জানান, “আমরা গোপন সূত্রে খবর পেয়েই এই তল্লাশি চালিয়েছি। মোট সাতটি গাড়ি আটক করা হয়েছে। এই কয়লা পরিবহনের ক্ষেত্রে চালকদের কাছে বৈধ নথি রয়েছে কি না, তা যাচাই করার প্রক্রিয়া চলছে। নথি খতিয়ে দেখার পরেই আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
আরও পড়ুনঃ এমনটাও হয়! হাসপাতলে রোগী মৃত্যুর ১০ মিনিটের মধ্যেই উধাও মৃতদেহ, নজিরবিহীন ঘটনা সিউড়িতে
এলাকায় অবৈধ কয়লা বা বালি পাচার রুখতে আইসি-র এই সক্রিয় ভূমিকা এবং কড়া অবস্থান প্রশংসিত হচ্ছে ওয়াকিবহাল মহলে। পাচারকারীদের রুখতে পুলিশের নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে।
