ভোটের প্রচারে বীরভূমে অভিষেক! প্রশাসনিক তৎপরতার পাশাপাশি দিনক্ষণ জানিয়ে দিলেন অনুব্রত

২৬ এর বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির প্রচার। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মন জয় করার চেষ্টা করছেন। আর এমন মুহূর্তেই এবার বীরভূমে ভোটের প্রচারে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বোলপুরে রবিবার কোর কমিটির বৈঠকের পর এমনটাই জানালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহবায়ক অনুব্রত মণ্ডল।

বীরভূমে ভোট প্রচারে কবে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অনুব্রত মণ্ডলের দাবি অনুযায়ী আগামী ২৬ মার্চ দুবরাজপুর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেশ চন্দ্র বাউড়ির সমর্থনে প্রচারে আসছেন অভিষেক। তিনি খয়রাশোলে সভা করবেন বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই খয়রাশোলের যে জায়গায় সভা হবে অর্থাৎ গোষ্ঠডাঙ্গা ময়দানে সভা নিয়ে নিরাপত্তার বিষয়ে বৈঠক করে প্রশাসন।

তবে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়েরও দুবরাজপুর বিধানসভায় একটি জনসভা করার পরিকল্পনা রয়েছে বলেই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। যদিও সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কোন দিনক্ষণ জানা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে আগামী দিনে জানাবেন বলেই জানিয়েছেন অনুব্রত মণ্ডল।

তবে তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুবরাজপুর বিধানসভায় জনসভা নিয়ে আগাম প্রস্তুতি রাখা হচ্ছে। রবিবার দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান ও অন্যান্য কাউন্সিলররা ১৬ নম্বর ওয়ার্ডের মাদৃদ সংঘ ময়দান পরিদর্শন করেন। মাদৃক সংঘের ময়দানকেই তাদের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার স্থান হিসেবে পছন্দ করা হয়েছে।