খেলা শুরু! এবার সাপ-লুডো, তৃণমূল কর্মীদের কাজকর্ম দেখে অবাক দুবরাজপুর

খেলা হবে! ভয়ংকর খেলা হবে! ভোট এলেই বীরভূমের দাপুটে তৃণমূল (TMC Birbhum) নেতা অনুব্রত মণ্ডলকে এমন সব মন্তব্য করতে দেখা যায়। শুধু অনুব্রত মণ্ডল কেন, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে এসে বীরভূমে এবার দুর্দান্ত খেলা হবে বলে দাবি করেছেন। আর সেই খেলায় যেন এবার শুরু হতে দেখা গেল বীরভূমের দুবরাজপুরে।

ভোটের আগে এবার অবশ্য খেলার ভঙ্গিতে কিছুটা বদল এনেছে তৃণমূল। তারা এখন মজেছে সাপ লুডো খেলায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তৃণমূলের সাপ লুডো খেলাকেই এখন তারা প্রচারের অঙ্গ হিসাবে বেছে নিয়েছে এবং যা করছে তার রীতিমতো অবাক করা, অবাক করার পাশাপাশি বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভোটের আগে নির্বাচনী প্রচারের পরিপ্রেক্ষিতে বাড়ি বাড়ি যাচ্ছে এবং বিলি করছে সাপ লুডো খেলার কার্ড। যে কার্ডে এক দিকে বাংলার জন্য দিদির 10 প্রতিজ্ঞা লেখা রয়েছে, আর অন্যদিকে রয়েছে সাপ লুডো খেলার বোর্ড। যেখানেই তাদের বক্তব্য, লুডো বোর্ডে খেলতে খেলতে চিনে নিন বাংলা বিরোধী সাপেদের। পাশাপাশি তৃণমূল কংগ্রেস বাংলার সমৃদ্ধির জন্য কি করে? তাও বুঝে নিন।

এত দূর পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও বিতর্ক যে জায়গায় দানা বেধেছে তা হল, সাপ লুডো বোর্ডে সাপেদের মুখ হিসাবে ব্যবহার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিজেপি নেতাদের ছবি।

যাকে ঘিরেই বিতর্ক দানা বাঁধছে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থীর অনুপ কুমার সাহা তৃণমূলের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন।