পশ্চিমবঙ্গ SIR ২০২৬ চূড়ান্ত ভোটার তালিকা (SIR 2026 Final List) নাম কাটা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এ। এতে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। কিন্তু অনেক জীবিত ব্যক্তির নামও ভুল করে কাটা পড়েছে বা মৃত ভোটারের তালিকায় চলে গিয়েছে। এই সমস্যা সমাধানের উপায় নিয়ে বেশ চিন্তিত সকলেই। যেমনটা জানা যাচ্ছে, মোট ভোটার সংখ্যা এখন ৭.০৪ কোটি, যার মধ্যে ৬০ লক্ষ নাম এখনও বিচারাধীন। যার মধ্যে শুধুমাত্র ভবানীপুরের মতো এলাকাতেই ৪৭ হাজারের বেশি নাম কাটা গেছে।পুরুষ ও নারীর লিঙ্গ অনুপাত আগের তুলনায় ভালো হয়েছে ও বর্তমানে ৯৬৪-এ পৌঁছেছে।
SIR 2026 এ চূড়ান্ত তালিকার পরিসংখ্যান
SIR প্রক্রিয়ায় ড্রাফট তালিকা থেকে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকায় আরও ৫.৪৬ লক্ষ নাম কাটা হয়েছে। ফর্ম ৬ ও ৬এ-এর মাধ্যমে ১.৮২ লক্ষ নতুন নাম যোগ হয়েছে। বাঁকুড়ায় একাই ১.১৮ লক্ষ নাম বাদ। এই পরিবর্তনগুলো নির্বাচনী স্বচ্ছতা বাড়াবে, কিন্তু ভুল কাটার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
কি কারণে কাটা হতে পারে নাম?
মৃত্যু, স্থানান্তর, ডুপ্লিকেট বা অযোগ্যতার কারণে নাম কাটা যায়। কিন্তু SIR ২০২৬-এ BLO-দের ভুল যাচাইয়ের ফলে জীবিতদের নামও বাদ পড়েছে । সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকরা ৬০ লক্ষ কেস যাচাই করছেন। যদি আপনার নাম বিচারাধীন থাকে, তাহলে ভোট দেওয়া যাবে না যতক্ষণ না সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়।
জীবিত থেকেও নাম কাটা হলে কী করবেন?
প্রথমে electoralsearch.eci.gov.in-এ EPIC নম্বর দিয়ে নাম চেক করুন। কাটা পড়লে চিন্তা নেই। তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে জেলা নির্বাচনী অফিসার (DEO)-এর কাছে অভিযোগ দায়ের করুন। অভিযোগ অনলাইনে voters.eci.gov.in-এ বা অফলাইনে BLO-এর মাধ্যমে জমা দিন। প্রমাণস্বরূপ আধার, পাসপোর্ট বা রেশন কার্ড দিন, তাহলেই ভুল সংশোধনের প্রক্রিয়া চালু হয়ে যাবে।
অভিযোগ প্রক্রিয়া ও আপিল
DEO যদি খারিজ করে, তাহলে পরবর্তী ১৫-৩০ দিনের মধ্যে চিফ ইলেকটোরাল অফিসার (CEO)-এর কাছে আপিল করতে হবে। ceowestbengal.nic.in-এ এই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন পাবেন। এছাড়া কিছু জিজ্ঞাস্য থাকলে হেল্পলাইন ১৯৫০-এ কল করতে পারেন। যদি সব খারিজ হয়, তাহলে ফর্ম ৬ দিয়ে নতুন নিবন্ধন করুন। ECINET অ্যাপ বা পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করুন।
