এক চুমুকে ঘুম ছুমন্তর! চালকদের চাঙ্গা করতে অভিনব দাওয়াই ট্রাফিক পুলিশের, দুবরাজপুরে ঢুকেই খুশি চালকরা

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে এবং চালকদের সচেতন করতে অভিনব উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ। দুবরাজপুর ট্রাফিক গার্ড ও দুবরাজপুর থানার যৌথ প্রচেষ্টায় রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে গড়গড়া মোড়ের কাছে গাড়িচালকদের জন্য চা, জল, বিস্কুট ও চকলেটের ব্যবস্থা করা হয়। মূলত চালকদের ক্লান্তি দূর করে তাঁদের সতেজ রাখতেই এই বিশেষ কর্মসূচি।

​পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহু ক্ষেত্রে দেখা যায় দীর্ঘ সময় একটানা গাড়ি চালানোর ফলে চালকরা ক্লান্ত হয়ে পড়েন। বিশেষ করে দুবরাজপুর এলাকায় ওয়ান-ওয়ে ট্রাফিক সিস্টেম থাকায় অনেক সময় চালকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় এবং ক্লান্তিবশত তাঁরা গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েন। হঠাৎ যানচলাচল শুরু হলে ঘুমের রেশ কাটতে না কাটতে গাড়ি চালানোর ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকে।



এই পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পক্ষ থেকে চালকদের চা, বিস্কুট ও জলের বোতল দেওয়া হয়। এছাড়া চালকদের তামাক বা গুটখা জাতীয় নেশা থেকে বিরত থাকতে উৎসাহিত করতে তাঁদের হাতে চকলেটও তুলে দেওয়া হয়। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চালকরাও।

আরও পড়ুনঃ সিউড়ি সদর হাসপাতালে রোগীদের মোবাইল ব্যবহার করার নিয়মে বদল, কি কি করতে হবে জানিয়ে দিল কর্তৃপক্ষ

দুবরাজপুর ট্রাফিক ওসি সন্তু ব্যানার্জি জানান, “চালকরা অনেক দূর থেকে গাড়ি চালিয়ে আসেন। অনেক সময় ক্লান্তির কারণে দুর্ঘটনা ঘটে। তাই তাঁদের একটু সতেজ রাখতেই আমাদের এই রিফ্রেশমেন্টের ব্যবস্থা। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির অধীনে প্রতি মাসেই আমরা এ ধরনের একাধিক সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকি। আগামীদিনেও আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

মূলত চালকদের সজাগ রাখা এবং সাধারণ মানুষের পথচলা আরও নিরাপদ করাই বীরভূম জেলা পুলিশের এই কর্মসূচির প্রধান লক্ষ্য।