লক্ষ্মী এলো ঘরে! মেয়ে হওয়ার খুশিতে আনন্দে আত্মহারা, ফুল-বেলুনে গাড়ি সাজিয়ে বাড়ি নিয়ে গেল ঝাড়খণ্ডের রাজবুল

কন্যা সন্তান অর্থাৎ মেয়ে হওয়ার খুশিতে আত্মহারা ঝাড়খণ্ডের দম্পতি। তারা এতটাই আনন্দে আত্মহারা যে ওই মেয়েকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ফুল বেলুন দিয়ে গাড়ি সাজানো এবং সেই গাড়িতে করেই তাকে ঝাড়খন্ড নিয়ে যাওয়া হয়। এমন মন ভালো করার দৃশ্য দেখে খুশি সকলেই।

ঝাড়খণ্ডের ওই দম্পতির কন্যা সন্তান হওয়ায় এতটাই খুশি যে তারা বলছেন, ‘বাড়িতে লক্ষ্মী এসেছে, আমাদের মা এসেছে।’ বাড়িতে যাওয়ার আগেই ইতিমধ্যেই তাদের কন্যা সন্তানের নামও রেখে দিয়েছেন। ওই কন্যা সন্তানের নাম আফরা খাতুন। ঝাড়খণ্ডের বাড়িতে গিয়েও তাদের কন্যা সন্তানের জন্য আনন্দের পার্টি আছে বলে জানান।

জানা গিয়েছে, গত কয়েকদিন আগে ঝাড়খণ্ডের চন্দ্রপুর গ্রামের রাজবুল খানের স্ত্রী আফসানা খাতুন ভর্তি হন দুবরাজপুরের হেতমপুরের একটি বেসরকারি হাসপাতালে এবং গত ১০ তারিখ কন্যা সন্তানের জন্ম দেন। আর এই কন্যা সন্তান হওয়াতে ওই দম্পতি সহ পরিবারের লোকজন প্রত্যেকেই খুবই খুশি। প্রত্যেকের মুখে একটাই কথা বাড়িতে লক্ষ্মী এসেছে।

আরও পড়ুনঃ এক চুমুকে ঘুম ছুমন্তর! চালকদের চাঙ্গা করতে অভিনব দাওয়াই ট্রাফিক পুলিশের, দুবরাজপুরে ঢুকেই খুশি চালকরা

আর এসবের পরিপ্রেক্ষিতেই তারা আজ শুক্রবার যে গাড়িতে করে ওই কন্যা সন্তানকে বাড়ি নিয়ে যান সেই গাড়িটিকে ফুল বেলুন সহ অন্যান্য জিনিসপত্র দিয়ে সাজান।