নেই পানীয় জল, কলসি-বালতি নিয়ে রঘুনাথগঞ্জ–উমরপুর রাজ্য সড়ক অবরোধ ক্ষুদ্ধ স্থানীয়দের

২০২৬-এ এসেও জলকষ্ট ভুগতে হচ্ছে মানুষকে! এমনটাই দেখা গেল জঙ্গিপুরে। সম্প্রতি মুর্শিদাবাদের জঙ্গিপুর (Jangipur Murshidabad) জল সরবরাহ সমস্যা নিয়ে এবার চরম ক্ষোভ ফেটে পড়েছেন স্থানীয়রা। গত তিন দিন ধরে পানীয় জলের এক ফোঁটা না পেয়ে রঘুনাথগঞ্জ-উমরপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মিয়াপুর-রাজবংশী পাড়ার বাসিন্দারা।

কলসি, বালতি আর হাঁড়ি হাতে রাস্তায় দাঁড়িয়ে তাদের এই প্রতিবাদে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। জানা যাচ্ছে, রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এরপর তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। কিন্তু এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ এখনও রয়ে গেছে।

রঘুনাথগঞ্জ-উমরপুর রাজ্য সড়ক অবরোধ

জরুর গ্রাম পঞ্চায়েতের মিয়াপুর-রাজবংশী পাড়ায় কয়েকশো পরিবারের বাস। ফাল্গুন মাস পড়তেই গরম বাড়ছে। ঠিক তখনই পিএইচই-র জল সরবরাহ বন্ধ। বাধ্য হয়ে পুকুরের নোংরা জলে থালা-বাসন ধুচ্ছেন মহিলারা। পেটের অসুখ, ডায়রিয়ার ভয়ে আতঙ্কিত সবাই।

স্থানীয় রাজা সরকার বলেন, “তিন দিন ধরে জল নেই। দপ্তরে জানিয়েও কোনো সাড়া মেলেনি।” মামনি মাঝি ক্ষোভ করে বলেন, “নোংরা জলে রান্না-খাওয়ার কাজ করতে হচ্ছে। অসুস্থ হলে কে দেখবে?” প্রবীণা মায়া দাসের কথায়, “ভোটের আগে নেতারা দু’বেলা আসতেন। এখন কেউ খোঁজ নিতে আসে না।”

আরও পড়ুনঃ বদলে গেল Yuba Sathi Scheme এ আবেদনের পোর্টাল, দেখুন কিভাবে করবেন ফর্ম ফিলাপ

গোপালনগরেও অবস্থা একই

তবে সমস্যা যে শুধু এক জায়গায় এমনটা নয়। জরুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ইয়াকুব আলি জানান, মিয়াপুরের পাশাপাশি গোপালনগরেও দীর্ঘদিনের জলকষ্ট। “খরার সময় এমন সমস্যা মেনে নেওয়া যায় না। আমরা পিএইচই অফিসারদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করব।”

পিএইচই দপ্তরের এক আধিকারিক এই প্রসঙ্গে জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পাম্প চালানো যায়নি। “দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা চলছে।” এদিকে মুর্শিদাবাদে জল জীবন মিশনের আওতায় অনেক প্রকল্প চলছে। সম্প্রতি জঙ্গিপুর মহকুমায় নতুন জল সরবরাহ প্রকল্পের টেন্ডারও হয়েছে। তবু মাঠ পর্যায়ে সরবরাহ নিয়মিত না হওয়ায় সাধারণ মানুষের কষ্ট বাড়ছে। গ্রীষ্মের শুরুতে এই ঘটনা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।