আপনি কি দোলের সময় শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করেছেন? তাহলে জেনে রাখুন, শান্তিনিকেতনের সোনাঝুরি হাট (Sonajhuri Hat) এবার দোলযাত্রায় সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামী ৪ ও ৫ মার্চ হাট বন্ধ থাকছে। হাট কমিটির এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন বহু পর্যটকেরাই।
কারণ সোনাঝুরি হাট শান্তিনিকেতনের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ। খোয়াইয়ের সুন্দর জঙ্গলের মাঝে বসে এই হাট। এখানে হস্তশিল্পের জিনিস থেকে শুরু করে ডোকরা, কাঁথা পাওয়া যায়। এছারাও বাউল গানের আসর বসে যেটা দেখার জন্য অনেকেই আসেন। বিশেষ করে দোলের দিন হাজারো মানুষ এসে রং খেলে বসন্ত উৎসব করতেন। কিন্তু এবার আর সেই আনন্দ নেই।
কেন বন্ধ হচ্ছে সোনাঝুরি হাট?
পরিবেশ রক্ষার জন্য এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। পরিবেশকর্মী সুভাষ দত্ত জাতীয় পরিবেশ আদালতে মামলা করেছেন। তিনি চিঠি দিয়ে বীরভূমের জেলাশাসক ধবল জৈনকে জানিয়েছেন, জঙ্গলে রং-আবির খেললে পরিবেশের ক্ষতি হবে। আদালতে ছবি তুলে দেখাবেন বলেও সতর্ক করেছেন।
এদিকে হাটের ব্যবসায়ীরাও এগিয়ে এসেছেন তাদের বক্তব্য, “পরিবেশ রক্ষা আমাদেরও দায়িত্ব। হাট বন্ধ রাখা হচ্ছে প্রশাসন এলাকায় রং খেলা নিয়ন্ত্রণ করবে।” বোলপুর বন দফতরের রেঞ্জারের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। জেলাশাসককেও চিঠির কপি পাঠানো হয়েছে। গত বছরও বন দফতর ভিড় ও দূষণ এড়াতে রং খেলা নিষিদ্ধ করেছিল। তাই এবার ব্যবসায়ীরা নিজেরাই স্বেচ্ছায় এগিয়ে এসেছেন।
বিশ্বভারতীর বসন্ত উৎসব
বিশ্বভারতী এবার ৬ মার্চ শুধুমাত্র অভ্যন্তরীণ সদস্যদের নিয়ে ঘরোয়া বসন্ত উৎসব করবে। বহিরাগতদের প্রবেশ নিষেধ। তবে এই সিদ্ধান্ত এবছর প্রথম নয়, ২০১৯ সাল থেকেই ক্যাম্পাসে উন্মুক্ত উৎসব বন্ধ। ২০২৩-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতির পর নিয়ম আরও কড়া হয়েছে। ফলে পর্যটকরা সোনাঝুরির দিকে ছুটতেন।
