ভোটের আগেই বীরভূমে শাসকদল তৃণমূলের বড় ভাঙ্গন, ১৫০ পরিবার যোগ দিল হুমায়ুনের দলে

সামনেই বিধানসভা নির্বাচন, তবে এই বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের বড় ভাঙ্গন ধরালো হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি। একসঙ্গে দেড়শ পরিবার নিজেদের দলে টেনে রীতিমত শাসক দলের রাতের ঘুম ওড়ালো, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

হুমায়ুন কবিরের দল বীরভূমে এমন ভাঙ্গন ধরায় লাভপুরে। লাভপুর ব্লকের রেজিস্ট্রি অফিস পাড়া ও চৌহাট্টা এলাকা থেকে এই সকল তৃণমূল কর্মী সমর্থকরা তৃণমূল ছেড়ে নতুন দলে নাম লেখালো। রবিবার রাতেই হুমায়ুনের দল জনতা উন্নয়ন পার্টির পতাকা ঐ সকল আগত কর্মী সমর্থকদের হাতে তুলে দেন বীরভূম জেলার সভাপতি শেখ কলিমুদ্দিন।

আরও পড়ুনঃ গরিবের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের গ্যাস কানেকশন নিয়ে ব্যাপক কারচুপি! তুমুল শোরগোল অনুব্রতর খাস তালুকে

তৃণমূল থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থক টেনে শেখ কলিমুদ্দিন দাবী করেছেন, লাভপুরে তাদের সংগঠন ক্রমশ শক্তিশালী হচ্ছে। সাধারণ মানুষের সমর্থন বাড়ছে তাদের দিকে।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, হুমায়ুন কবির সম্প্রতি জানিয়েছেন, তার রাজনৈতিক দলের নাম পরিবর্তন হবে। কেননা জেইউপি নামে একটি দল আগেই নির্বাচন কমিশনের থেকে স্বীকৃতি পেয়েছে। আর এরই পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবীর তার জনতা উন্নয়ন পার্টির আগে আম কথাটি বসানোর পরিকল্পনা করেছেন। এমনটা হলে তার পার্টির নাম হবে আমজনতা উন্নয়ন পার্টি, শর্ট ফরমে এজেইউপি।