একই যোগদানকারীকে দুবার যোগদান! দুবরাজপুরে তৃণমূল নেতাদের মধ্যে ‘ক্রেডিট’ নেওয়ার আজব লড়াই

ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মী সমর্থকদের দল পরিবর্তনের হিড়িক ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। তবে দলে যোগদান করাকে কেন্দ্র করে বীরভূমের দুবরাজপুরে যে আজব ঘটনা দেখা গেল তা সচরাচর খুব কমই লক্ষ্য করা যায়। কেননা একই যোগদানকারীকে ২ তৃণমূল নেতা দুবার দলে যোগদান করালেন।

দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের হালসোত গ্রামের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যা যমুনা বাগদী সহ বেশ কয়েকটি পরিবার তৃণমূলে যোগদান করেন। বৃহস্পতিবার দুবরাজপুর ব্লক তৃণমূল কার্যালয়ে তাদের হাতে পতাকা তুলে দেন দুবরাজপুর ব্লকের তৃণমূলের দুই যুগ্ম আহবায়ক রাফিউল হোসেন খান ও তরুণ গড়াই এবং দুবরাজপুর ব্লক তৃণমূলের কোর কমিটির সহ-সভাপতি স্বপন মন্ডল।

আরও পড়ুনঃ ভোটের আগে বীরভূমের লাভপুরের নতুন রাজনৈতিক সমীকরণ! বড় হুঁশিয়ারি বিধায়ক অভিজিৎ সিনহার

কিন্তু এই যোগদানের পরই বালিজুরি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বালিজুরি অঞ্চলের আইএনটিটিইউসির অঞ্চল সভাপতি শিব ঠাকুর মন্ডল দাবি করেন, দিন ১৫ আগেই নাকি তাকে দলে যোগদান করিয়েছেন তিনি।

একই পঞ্চায়েত সদস্যকে দুবার দলে যোগদান করানো দুই নেতার হাত ধরে, এমন ঘটনা সচরাচর দেখতে না পাওয়ার পরিপ্রেক্ষিতে এই ঘটনায় খোঁচা দিতে ছাড়েননি বিজেপির দুবরাজপুর মন্ডলের সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি।