আন্তর্জাতিক নারী দিবসের আগে বৃদ্ধাশ্রমের মায়েরা পেল সেরা উপহার। কারণ এই উপহারের মধ্যে কেবল মধ্যাহ্নভোজন রয়েছে তা নয়, উপহার রয়েছে অফুরন্ত ভালোবাসা। স্কুল পড়ুয়াদের অফুরন্ত ভালোবাসা। যে ভালোবাসার তুলনা হয়না।
আন্তর্জাতিক নারী দিবসের আগে শনিবার বীরভূমের করিধ্যা যদু রায় মেমোরিয়াল এন্ড পাবলিক ইনস্টিটিউশনের নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা নিজেদের টিফিনের বাজেটে কাটছাঁট করে সঞ্চিত টাকা দিয়ে ছবিলার ছবির স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমের মায়েদের পেটপুরে খাওয়াল। নিজেদের টিফিনের বিলাসিতাকে দূরে সরিয়ে এই সকল বৃদ্ধ মায়েদের পাশে তাদের দাঁড়ানোর যে উদ্যোগ স্বাভাবিকভাবেই প্রশংসনীয়। তাদের এমন উদ্যোগ এখন মন জয় করেছে সাধারণ মানুষদের।
টিফিনের পয়সা বাঁচিয়ে শনিবার দুপুরে ওই স্কুলের নবম ও দশম শ্রেণীর মেয়েরা এবং স্কুলের শিক্ষকরা পৌঁছে যান ছবিলার বৃদ্ধাশ্রমে। সেখানে মায়েদের পাতে পরম যত্নে তুলে দেওয়া হয় সুস্বাদু খাবার। তারা বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য মেনুতে রেখেছিল ভাত, ডাল, দু ধরনের সবজি, মাছ, মাংস এবং শেষ পাতে চাটনি ও মিষ্টি।
আন্তর্জাতিক নারী দিবসের আগে এমন একটি উপহার বৃদ্ধাশ্রমের বৃদ্ধা মায়েদের তুলে দিতে পেরে খুশি পড়ুয়ারা।
স্কুলের ছাত্রীদের এমন মানবিক কাজের প্রশংসাই পঞ্চমুখ সকলেই। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনী কান্ত সাহা জানান, তাদের ইস্কুলের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের সহানুভূতি সহমর্মিতা এবং সামাজিকভাবে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষাই দেওয়া হয়।
