সবে প্রচার শুরু করেছেন সদ্য টিকিট পাওয়া সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জী। আর তার এই প্রচার শুরু হতে না হতেই ব্যাপক শোরগোল পড়ে গেল বীরভূমে। কেননা তার নামে লেখা দেওয়াল লিখনে কেউ বা কারা গোবর লেপে দেয়। বৃহস্পতিবার সকালে এমন ঘটনা নজরে আসে।
তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জীর দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার এমন ঘটনাটি ঘটে সিউড়ি বিধানসভার অন্তর্গত দুবরাজপুর থানার গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের বারাবন সংসদের বাগদিপাড়ায়। ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই পুলিশ এবং স্থানীয় তৃণমূল কর্মীরা সেই গোবর জল দিয়ে ধুয়ে দেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকায় অশান্তি তৈরি করার জন্য এমন ঘটনা ঘটানো হচ্ছে। তাদের এলাকা শান্তপ্রিয় এলাকা। পাশাপাশি বিজেপির দিকেও আঙ্গুল তোলা হয়েছে এই ঘটনার জন্য।
অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি দাবি করেছেন, পুরোটাই গোষ্ঠীদ্বন্দ্ব।
