ভোট বড় বালাই! এই প্রবাদই এবার অক্ষরে অক্ষরে মিলতে দেখা গেল বীরভূমে। কেননা ভোটের প্রচারে বীরভূমে এবার বিজেপি প্রার্থীকে ক্ষুর কাঁচি হাতে ভোটারের দাড়ি কাটতে দেখা গেল, অন্যদিকে আবার চোখে কাপড় বেঁধে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় ছোটদের সঙ্গে খেলতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। অভিনব এই দুই প্রচারের স্টাইল ধরা পড়ল বীরভূমের দুবরাজপুর বিধানসভায়।
শনিবার ভোটের প্রচারে বেরিয়ে দুবরাজপুর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেশ চন্দ্র বাউরী পৌঁছে যান খয়রাশোল ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের কৈথি গ্রামে। সেখানে গ্রামের বাসিন্দাদের ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাচ্চাদের সঙ্গে হাড়িভাঙ্গা খেলায় অংশগ্রহণ করেন। খেলার নিয়ম অনুযায়ী তৃণমূল প্রার্থীর চোখে উত্তরীয় বেঁধে দেওয়া হয়। আর এরপর তিনি গুটিগুটি পায়ে এগিয়ে আসেন হাঁড়ি ভাঙার জন্য। আর সেখানে উপস্থিত উৎসাহী এক ব্যক্তি পাশ থেকে বেশ কয়েকবার বলে ওঠেন, হাঁড়ি ভাঙলেই বিজেপি ভাঙবে’। যদিও হাঁড়ি ভাঙতে সক্ষম হননি নরেশচন্দ্র বাউরি। তবে হাড়ি ভাঙতে সক্ষম না হলেও তিনি জয় এবং রাজ্যে পুনরায় তৃণমূল সরকার গড়ার বিষয়ে আশাবাদী।
অন্যদিকে হাঁড়ি ভাঙতে না পারার বিষয়টিকে কটাক্ষ করে বিজেপির বিদায়ী বিধায়ক তথা প্রার্থী অনুপ কুমার সাহা জানিয়েছেন, ‘হাঁড়িও ভাঙবে না বিজেপি ও ভাঙবে না।’
অন্যদিকে প্রচারে এবার রাজ্যের সাড়া ফেলে দেওয়ার মতো কাজ করতে দেখা গেল দুবরাজপুরের বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহাকে। তিনি এদিন বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কূলেকুড়ি গ্রামে ভোটের প্রচারে গিয়ে এক ভোটারের দাড়ি কেটে দেন। ক্ষুর কাঁচি হাতে রীতিমতো নাপিতের ভূমিকায় দেখা যায় তাকে। যে ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এই বিষয়ে অনুপ কুমার সাহা দাবি করেছেন, জনসংযোগ বৃদ্ধি করা, মানুষের পাশে থাকা এসব বিভিন্ন রকমের মাধ্যম হয়। ঠিক সেই রকম এটি ও একটি মাধ্যম। আর এই বিষয়টি নিয়ে নরেশ চন্দ্র বাউরী অবশ্য কিছু বলতে চাননি। তিনি জানিয়েছেন এটি তার ব্যক্তিগত ব্যাপার।
