ভোট প্রচারে বীরভূম সফরে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি কবে বীরভূমে পা রাখছেন? কোথায় আসছেন? সবকিছু জানুন আমাদের এই ভিডিওতে।
বীরভূমে ১১ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র দুবরাজপুর বিধানসভা কেন্দ্র রয়েছে বিজেপির দখলে। আর সেই বিধানসভা কেন্দ্রকেই মূলত পাখির চোখ করে চলছে তৃণমূলের প্রচার। এই বিধানসভায় এবার নতুন করে টিকিট দেওয়া হয়েছে ২০১৬ সালের জয়ী তৃণমূলের প্রার্থী নরেশ চন্দ্র বাউরীকে। জেলার অন্যান্য তৃণমূল প্রার্থীদের পাশাপাশি দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর ওপর রয়েছে আলাদা নজর।
তৃণমূল সূত্রে যা জানা গিয়েছে তাতে আগামী ২৬ মার্চ বীরভূম সফরে মুখ্যমন্ত্রী আসছেন এবং সভা করবেন দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকে। খয়রাশোলের গোষ্ঠডাঙ্গা ময়দানে তার সভা হবে। ইতিমধ্যেই সেই সভার জন্য আজ সোমবার একটি হেলিকপ্টার সেখানে আছে এবং ট্রায়াল হয়।
তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, তাদের এলাকায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় সভা করলে তাদের ভোট কয়েকগুণ বেড়ে যাবে। তারা এই বিধানসভা ফের নিজেদের দখলে আনতে সক্ষম হবেন। এর পাশাপাশি দীর্ঘ কয়েক বছর পর খয়রাশোল এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হতে চলেছে আর সেই সভা এখন তাদের আলাদাভাবে উৎসাহ উদ্দীপনার যোগান দিচ্ছে।
