ভোটারের দাড়ির দায়িত্ব, দাড়ি কামানোর পর ফের প্রচারে নতুন চমক অনুপ সাহার

দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা (Anup Saha Vote Campaign) চর্চার কেন্দ্রবিন্দু। তার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থাকার মূলে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত বীরভূমে একমাত্র তিনি বিজেপির বিধায়ক এবং ফের টিকিট পেয়েছেন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আর এইসব চর্চাকে আরো একটু বাড়িয়ে তুলেছে তার ভোটারের দাড়ির দায়িত্ব নেওয়া।

গত শনিবার বীরভূমের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কূলে কুড়ি গ্রামে তাকে দেখা যায় ক্ষুর কাঁচি হাতে এক ভোটারের দাড়ি কামিয়ে দিতে। যে মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই ভাইরাল মুহুর্ত কাটতে না কাটতেই নতুন করে তাকে প্রচারে চমক দিতে দেখা গেল দুবরাজপুর বিধানসভার অন্তর্গত পারসুন্ডি গ্রামে। গত রবিবার তিনি নতুন এই চমক দেখান।

এবার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা মূলত ওই গ্রামের অলিতে গলিতে ভোটের প্রচার ছাড়েন নিজে সাইকেল চালিয়ে। গাড়ি অথবা পায়ে হাটা ছেড়ে তিনি যেভাবে সাইকেল চালিয়ে এলাকায় প্রচার সেরেছেন তা রীতিমত নজর কেড়েছে গ্রাম্য ভোটারদের বলেই জানা যাচ্ছে। আর এই সমস্ত কিছুর কারণ হিসাবে অনুপ কুমার সাহা জানিয়েছেন, মানুষের পাশে থাকা এর থেকে বেশি বড় মাধ্যম আর কিছু হতে পারে না।