বীরভূম ওর নখদর্পণে! জেলায় ভোটের প্রচারে এসে কেষ্টর ভুয়সী প্রশংসা করলেন মমতা

নির্বাচনী প্রচারে রাজ্যে বিভিন্ন জায়গায় প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই রকমই বৃহস্পতিবার বীরভূমের খয়রাশোল এলাকার গোষ্ঠ ডাঙ্গা ময়দানে ছিল তার একটি জনসভা। দুবরাজপুর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেশ চন্দ্র বাউরির সমর্থনে মূলত এই জনসভা। যদিও জনসভা থেকে জেলার অন্যান্য তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মঞ্চে অন্যান্য বারের মতোই নিজের স্বভাব সিদ্ধ মেজাজে দেখা যায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। শুধু অনুব্রত মণ্ডলকে দেখা গিয়েছে এমন নয় পাশাপাশি সভায় বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একাধিকবার অনুব্রত ওরফে কেষ্টর কথা বের হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অনুব্রত মণ্ডলের ভুয়সী প্রশংসা করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখার সময় বীরভূমের জন্য কি কি উন্নয়ন করা হয়েছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, বীরভূম জেলা কেষ্ট নখদর্পনে। যে কারণে এখানে কোন কাজ করার সময় তার এবং অন্যান্যদের পরামর্শ নিয়েই তিনি কাজ করেন।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুব্রত মণ্ডলের এমন ভুয়সী প্রশংসা করছেন তখন মঞ্চের সামনে বসে থাকা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। মমতার মুখে কেষ্টর নাম উচ্চারণ হতেই তারা যেন আলাদা আবেগে ভেসে ওঠেন।