বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জীর সামনে কান্না তৃণমূল কর্মীর মায়ের! উগরে দিলেন ক্ষোভ, মাথার ঠিক নেই বললেন ছেলে

ভাবা যায়! এমন ঘটনাও ঘটতে পারে? যেখানে ছেলে একজন তৃণমূল কর্মী, তারই মা বিজেপি প্রার্থীর সামনে চোখের জল ফেলছেন আর ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। আবার মায়ের এই কর্মকান্ড দেখে ছেলে বলছেন, ‘বয়স হয়েছে। অনেক ওষুধপত্র চলে। মাথার ঠিক নেই।’

ঠিক কি ঘটেছিল? শুক্রবার সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি সিউড়ি পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে যান। তিনি যখন প্রচার চালাচ্ছিলেন ঠিক সেই সময় ওই ওয়ার্ডের কো-অপারেটিভ কলোনি সংলগ্ন ১৮৫ নম্বর বুথ এলাকায় আচমকা দেখা যায় এক বয়স্ক মহিলা জগন্নাথ চ্যাটার্জিকে দেখে ছুটে আসেন। তারপরই দেখা যায় তার চোখে জল আর ক্ষোভ উগরে দিচ্ছেন বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে। শান্ত সাহা নামের ওই মহিলার জগন্নাথ চট্টোপাধ্যায় জিতবে বলেও দাবি করেছেন।

প্রচারে বেরিয়ে সকাল সকাল এমন কাণ্ড দেখে স্বাভাবিকভাবেই অবাক জগন্নাথ চ্যাটার্জি। তিনি খোঁচা দিয়ে বলেছেন, “মমতা রাজ্যের মানুষের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছেন না। আর এই ওয়ার্ডে তৃণমূল কর্মী তার মায়ের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছেন না।”

অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ওই বৃদ্ধার ছেলে রবি সাহা দাবি করেছেন, ‘মায়ের মাথার ঠিক নেই। বিজেপি এই সকল সাজিয়ে প্রচার করছে।’

ওই বৃদ্ধার এলাকার তৃণমূল কাউন্সিলরের স্বামী পবিত্র দাস দাবি করেছেন, ‘সমস্ত রকম সুযোগ-সুবিধা দেওয়া হয়। সরকারের তরফ থেকেও সব সুযোগ সুবিধা পায়।’ এই সকল দাবি দাওয়ার পাল্টা হিসাবে জগন্নাথ চ্যাটার্জি ফের একবার খোঁচা দিয়ে জানিয়েছেন, ‘নাচতে না জানলে উঠোন বাঁকা।’