সবকিছু রেডি থাকলেও আসা হলো না দেবের! মন খারাপ ভক্তদের

ভোটের প্রচারে মঙ্গলবার বীরভূমের তিন জায়গায় প্রচারে আসার কথা ছিল অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের (Dev)। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে হেলিকপ্টারে রওনা দেওয়ার পর আবার তাদের ফিরে যেতে হয়। আর এর ফলে আর এদিন বীরভূমে আসা হলো না তার।

বীরভূমে মঙ্গলবার রামপুরহাট, সিউড়ির গোহালিয়ারা এবং সাঁইথিয়াতে রোড শো ও জনসভা করার কথা ছিল দেবের। আর এই তিনটি কর্মসূচি বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে মন খারাপ অনুরাগীদের। বিপুল সংখ্যক মানুষ দেবকে দেখার জন্য এলেও তাদের হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়।

দেবের কর্মসূচি বাতিল নিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, উপায় ছিল না। বৃষ্টি এবং আবহাওয়া খারাপের কারণে রওনা দিয়েও তাকে আবার ফিরতে হয়েছে।

তবে আজ মঙ্গলবার বীরভূমের তিনটি জায়গায় দেবের কর্মসূচি বাতিল হলেও আগামী ১০ এপ্রিলের মধ্যে তিনি ফের বীরভূমে আসার পরিকল্পনা গ্রহণ করেছেন বলেই জানিয়েছেন। তিনি ওই তিনটি জায়গাতেই কর্মসূচি করবেন বলেও আশ্বাস দিয়েছেন।