কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিজেপির বুথ সভাপতিদের চমকানোর অভিযোগ! বাহিনী-পুলিশের সঙ্গে তুমুল বচসা বিজেপির, পাল্টা যা বলছে তৃণমূল

কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সঙ্গে সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বিজেপি কর্মী সমর্থকদের তুমুল বচসাই রীতিমত উত্তেজনা ছড়ালো সিউড়িতে। বুধবার এমন ঘটনায় পুলিশি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি।

বিজেপির অভিযোগ, সিউড়ি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হামেশাই তাদের বুথ সভাপতিদের বাড়িতে যাচ্ছে এবং চমকে আসছে যাতে ভোটের সময় তারা বাইরে না বেরোয়। একাধিক বুথ সভাপতি বাড়ীতে গিয়ে এমন চমকে আসার ঘটনা ঘটেছে বলে দাবি।

এমন পরিস্থিতিতে বুধবার যখন বিজেপির সিউড়ি বিধানসভার প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির ১৬ নম্বর ওয়ার্ডে প্রচার শেষ করে সাহাপুরের দিকে যাচ্ছিলেন তখন তিনি ফের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এক বিজেপি বুথ সভাপতির বাড়িতে গেছে জানতে পারেন। তড়িঘড়ি প্রচার বন্ধ রেখে সেখানে পৌঁছন। সেখানে পৌঁছতেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় তার ও বিজেপি কর্মী সমর্থকদের।

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজনৈতিক কর্মী হিসেবে মামলা থাকতেই পারে। তবে এইভাবে বুথ সভাপতি ও কর্মীদের বাড়িতে গিয়ে পুলিশ তাদের মানসিকভাবে চাপে রাখতে পারবে না। আর যদি তা হয় তাহলে যেখানে যাওয়ার যাবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন।

এই ঘটনাই বিজেপির এক বুথ সভাপতি দাবি করেছেন, কয়েক দিন ধরেই এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বাড়ির মহিলারা ভয় পাচ্ছেন এবং সবাই মানসিক চাপে রয়েছেন।

অন্যদিকে এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় কটাক্ষ করে জানিয়েছেন, ওরা ভাবছে মোদি পুলিশ পাঠিয়েছে মানেই ওদের হয়ে কাজ করবে। কেন্দ্রীয় বাহিনী একটু নিরপেক্ষভাবে কাজ করা শুরু করতেই এখন তাদের সহ্য হচ্ছে না। তাই এমন কাণ্ড ঘটাচ্ছে।