সৌজন্য! এবার সিউড়িতে প্রধানমন্ত্রীর (PM Modi at Suri) আগমনের আগে সৌজন্যের নজির গড়লো বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন সিউড়ির চাঁদমারি মাঠে সভা করতে, আর এই প্রধানমন্ত্রীর সিউড়িতে পা রাখার পরিপ্রেক্ষিতে আমন্ত্রণ পত্র পেলেন তৃণমূল পরিচালিত সিউড়ি পৌরসভার চেয়ারম্যান ইনচার্জ অশোক চট্টরাজ সহ পুরসভার কাউন্সিলররা। তাদের হাতে ভিভিআইপি কার্ড তুলে দেওয়া হয় বুধবার।
সিউড়ি পৌরসভা তৃণমূল পরিচালিত পৌরসভা। রাজনৈতিক মতাদর্শে বিজেপির সঙ্গে তৃণমূলের ফারাক থাকলেও আমন্ত্রণপত্র দেওয়ার পর বিজেপি কর্মী সমর্থকরা জানিয়েছেন, মতাদর্শে ফারাক থাকলেও পদ এবং চেয়ারকে তারা সম্মান জানিয়ে এই আমন্ত্রণপত্র দিয়েছেন।
অন্যদিকে আমন্ত্রণপত্র পেয়ে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান ইনচার্জ অশোক চট্টরাজ জানিয়েছেন, আগে অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, কিন্তু এমন আমন্ত্রণপত্র কোনদিন মেলেনি। হয়তো ভোটের আগে এবার একটু বেশি আবেগী হয়ে এমন আমন্ত্রণপত্র তারা পাঠিয়েছেন।
তবে প্রশ্ন হল আমন্ত্রণপত্র পেয়ে কি যাবেন চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা? উত্তরে অশোক চট্টরাজ জানিয়েছেন, যাওয়ার কোন প্রশ্নই ওঠে না। বরং তিনি এমন আমন্ত্রণপত্র পেয়ে বিজেপিকে নতুন করে খোঁচা দিয়েছেন।
