দুবরাজপুরের বিজেপি প্রার্থী ঘিরে তুমুল বিক্ষোভ, ধস্তাধস্তি! গান্ধী গিরি দেখালেন অনুপ কুমার সাহা

দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহাকে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় শুক্রবার। শুধু বিক্ষোভ নয়, পাশাপাশি তার পথ আটকানো থেকে শুরু করে ধস্তাধস্তি সবকিছুই লক্ষ্য করা যায়। তবে এসবের পরেও কিন্তু বিজেপি প্রার্থীকে গান্ধী গিরি, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের এক তৃণমূল কর্মীর বাড়িতে বসে আলোচনা করতেও দেখা যায়। ঠিক কি ঘটেছিল?

অনুপ কুমার সাহা শুক্রবার দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের ভোট প্রচারে যান। ঠিক সেই সময় লোবা গ্রাম পঞ্চায়েতের ঝিরুল গ্রামে তাকে বেশ কয়েকজন ঘিরে ধরেন এবং উন্নয়ন নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। প্রশ্ন করার পাশাপাশি তাকে আটকে রাখার চেষ্টা করা হয়, যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তবে এই ঘটনায় অনুপ কুমার সাহাকে বিচলিত হতে না দেখে বাবুপুর গ্রামের তৃণমূল কর্মী অনুসন্ধান ডোমের বাড়িতে পৌঁছে বসে তার সঙ্গে কথা বলতে দেখা যায়। তখন দুজনের মধ্যে উন্নয়ন নিয়ে কথাবার্তাই ঠান্ডা লড়াইও লক্ষ্য করা যায়। তবে পুরো ঘটনাকে ঠান্ডা মাথায় আয়ত্বের মধ্যে রাখেন অনুপ কুমার সাহা এবং কোন ঘটনা ঘটেনি বলেই দাবি করেন।

অনুপ কুমার সাহার যা বক্তব্য তাতে মূলত ওই এলাকায় বালিঘাট ও বালি পাচারের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই জড়িয়ে রয়েছে। এসবের মধ্যেও তাকে প্রচার শেষ করতে দেখা যায়।

অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কর্মী অনুসন্ধান ডোম জানিয়েছেন, তিনি প্রশ্ন করেছিলেন জিরো ব্যালেন্স একাউন্টে ১৫ লক্ষ টাকা কোথায় গেল?