রাজ্যে ভোটের (Election 2026) প্রস্তুতি চলছে জোরদার! আর এরই মধ্যে, খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগারওয়াল হাজির বীরভূমে ভোটারদের বাড়ি বাড়ি। শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকলো দুবরাজপুর সহ বিভিন্ন এলাকা। মূলত ভোটারদের মধ্যে থেকে ভয় দূর করতেই তার এমন পদক্ষেপ।
শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল প্রথমে দুবরাজপুর ব্লক অফিসে পৌঁছান এবং তারপর বীরভূম জেলাশাসক, বীরভূম জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত মিটিং করেন। তারপরেই তিনি পৌঁছে যান যশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ও সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে পৌঁছে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষজনদের সঙ্গে কথা বলেন।
একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এখন কেমন আছেন ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি জানেন। আর এসব শোনার পর তাদের আশ্বস্ত করেন এবং দুর্গাপুজোর মতো ভোট দিতে যেন বুথে যান সেই বার্তা দেওয়া হয়।
