চলন্ত গাড়িতে অচৈতন্য চালক! ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন মহিলা, সিনেমার দৃশ্য সিউড়িতে

চলন্ত গাড়িতে অসুস্থ হয়ে পড়েন চালক। যাত্রী হিসেবে ছিলেন এক মহিলা। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা নিশ্চিত বুঝে ওই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ রক্ষা করলেন মহিলা। এমন ঘটনা সচরাচর সিনেমাতেই দেখা যায়, আর সিনেমার মতো সেই কান্ড এবার দেখা গেল বীরভূমের সিউড়িতে। এমন ঘটনা শুধু এলাকায় তুলকালাম পরিস্থিতি তৈরি করেছে তা নয়, পাশাপাশি যারা এই ঘটনার কথা শুনছেন তাদের প্রত্যেকেরই গায়ের রোম খাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে।

ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে, মঙ্গলবার বোলপুর থেকে এক মহিলা যাত্রী গাড়িতে করে সিউড়ির দিকে আসছিলেন। সিউড়ি শহরে ঢোকার পরই হঠাৎ ওই গাড়ির চালক অসুস্থ হয়ে পড়েন। গাড়ি চালকের অসুস্থতার বিষয়টি বুঝতে পেরে ওই মহিলা বারবার চালককে গাড়ি থামানোর অনুরোধ করেন। কিন্তু চালকেরও সেই সময় এমন পরিস্থিতি যে তার পক্ষেও আর কোন কিছু নিজের আয়ত্তের মধ্যে রাখা সম্ভব হয়নি।

এমন পরিস্থিতিতে বেগতিক বুঝতে পেরে গাড়ির ভিতরেই ওই মহিলা সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। কিন্তু তাতেও কোন সমাধান না হওয়ায় ওই মহিলা জ্বলন্ত গাড়ি থেকেই ঝাপ দেন। সিউড়ির জনবহুল এলাকায় এমন ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমত চাঞ্চল্য ছড়ায়। এদিকে নিয়ন্ত্রণ হীন ওই গাড়িটিকে কোনরকম ভাবে থামান টোটো ও অটো চালকরা। এরপরই দেখা যায় ওই গাড়ির চালক অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন।

আরও পড়ুনঃ সিউড়ি বক্রেশ্বর রাজনগর নলা, রেল প্রকল্পের মাঝেই আরও একটি সুখবর! ভীমগড় পলাশস্থলি রেল নিয়ে এলো বড় আপডেট

তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা ট্রাফিক পুলিশকে খবর দেন এবং একটি টোটোতে ওই চালককে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালে ওই চালককে দেখেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

অন্যদিকে এই ঘটনায় চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়া ঐ মহিলা অল্পবিস্তর আহত হয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।