বীরভূমে যে সকল তীর্থক্ষেত্র ও পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম হলো সতীপীঠ ফুল্লরা মন্দির। লাভপুরের এই ফুল্লরা মন্দিরে বছরের বিভিন্ন সময় পুণ্যার্থীদের আগমন হয়ে থাকে। আর এই সতী পিঠেই এবার শুরু হলো শতাব্দী প্রাচীন সতী পীঠ মা ফুল্লরা মহামেলা।
মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ রবিবার থেকে এই মহামেলার সূচনা হয় এবং তা চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ টানা ২৩ দিন। এমনিতেই ফুল্লরা মন্দিরের টানে দূরদূরান্ত থেকে বহু পর্যটকদের আগমন হয়। আর যদি কোন পর্যটক এই মহামেলা চলাকালীন ফুল্লরা মন্দিরে আসেন তাহলে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি গ্রাম্য মেলাকে উপভোগ করার সুযোগ পাবেন। স্বাভাবিকভাবেই ফুল্লরা মন্দির দর্শনের আনন্দ এখন পর্যটকদের কাছে কয়েকগুণ বেড়ে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
আরও পড়ুনঃ স্বপ্নপূরণ! সিউড়ি স্টেশনে থামল বেঙ্গালুরু-কামাক্ষা এক্সপ্রেস, রাজকীয় অভ্যর্থনায় ভাসল শহর
মাঘী পূর্ণিমায় প্রতিবছর হাজার হাজার মানুষের সমাগম হয় ফুল্লরা মন্দিরে। ৫১ সতী পীঠের অন্যতম সতী পীঠ ফুল্লরা মন্দিরের ফুল্লরা মায়ের ভোগের ক্ষেত্রে অন্যতম বৈশিষ্ট্য চিরে ও মুড়ি।
মাঘী পূর্ণিমার দিন থেকে শুরু হওয়া মহামেলা চলাকালীন যাত্রা থেকে শুরু করে বিখ্যাত সব গায়ক গায়িকাদের নিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিনই রয়েছে কোনো না কোনো অনুষ্ঠান। আর এই সকল অনুষ্ঠানের সমাপ্তি হবে ২৩ ফেব্রুয়ারি অভিনব আতশবাজির মধ্য দিয়ে।
