‘রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে’ বলেছিলেন বীরভূম জেলার তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তবে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাক বা না থাক রাস্তার দু প্রান্তে দাঁড়িয়ে ফিতে কাটছেন তৃণমূলের নেতারা।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই রাস্তা দুই প্রান্তে দাঁড়িয়ে উদ্বোধন হল। এমন চিত্র দেখা গেল দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মঙ্গলপুর থেকে মেজে গ্রাম পর্যন্ত তৈরি হবে পথশ্রী প্রকল্পের রাস্তা। আর এই রাস্তা শুরু হওয়ার আগেই গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে এই রাস্তাকে ঘিরে। আজ রবিবার সকালে মেজে গ্রামের দিক থেকে জেসিপি মেশিন এনে ফিতে কেটে উদ্বোধন করেন বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপিকা মন্ডল। সঙ্গে ছিলেন তৃণমূলের বালিজুড়ি অঞ্চল সভাপতি বিশ্বজিৎ দত্ত, তৃণমূল নেতা শিব ঠাকুর মন্ডল সহ আরও অনেকে। আর তার ঘন্টা কয়েক পর ওই রাস্তারই মঙ্গলপুরে দিক থেকে ফিতে কেটে উদ্বোধন করেন দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ সহ আরও অনেকে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ঘটনা প্রসঙ্গে বালিজুরি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান লিপিকা মন্ডল জানিয়েছেন, উনার ইচ্ছে হয়েছে তাই উনি আবার রাস্তার উদ্বোধন করেছেন। আমার কারো সম্বন্ধে কিছু বলার ইচ্ছে নেই।
অন্যদিকে তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান এর কথা অনুযায়ী, তিনি জানেনই না কে বা কারা এই রাস্তার উদ্বোধন আগে করেছেন!
