৮০,০০০ এ নামবে সোনার দাম! কিভাবে? আশার আলো দেখালেন বিশেষজ্ঞরা

বর্তমানে প্রতিটি পরিবারের কাছেই সোনা শুধু গয়না নয়, সঞ্চয়ের ভরসা। তাই সোনার দাম (Gold Price) ৮০ হাজার টাকায় নামার খবর শুনেই অনেকের মনে আশা জাগছে। বর্তমানে কলকাতার বাজারে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ঘুরছে ১ লক্ষ ৬১,৮০০ টাকার আশেপাশে। ২২ ক্যারেটও ১ লক্ষ ৪৮,৩০০ টাকার কাছাকাছি। এমত পরিস্থিতিতে বিয়ের আয়োজন করতে বা সামান্য সোনা কিনতে গিয়েও অনেকেরই দম বন্ধ হয়ে আসছে। তবে এবার জানা যাচ্ছে সোনার দাম কমে হতে পারে ৮০,০০০ টাকা পর্যন্ত!

কেন কমতে পারে সোনার দাম?

বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং BRICS দেশগুলি গত ছয় মাসে বিপুল পরিমাণ সোনা কিনেছে। এর ফলে দাম আকাশছোঁয়া হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। রাশিয়া আবার ডলারের দিকে ঝুঁকছে বলে খবর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যদি কূটনৈতিকভাবে শেষ হয়, তাহলে বিশ্ববাজারে অনিশ্চয়তা কমবে। চিন, ভারত, ব্রাজিলের মতো দেশও সোনা কেনা কমাতে পারে। এসব কারণে চাহিদা কমলে দাম নামবেই।

৮০,০০০ এ নামবে সোনার দাম!

ব্লুমবার্গের বিশ্লেষকরা বলছেন, ভারতে সোনার দাম ধীরে ধীরে নেমে আসতে পারে। সোনার দাম ৮০ হাজার টাকার কাছাকাছি স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই পতন রাতারাতি হবে না। ইতিহাস বলছে যুদ্ধ পরিস্থিতিতে বা অস্থিরতা তৈরী হলে যেমন সোনার দাম ঊর্ধ্বমুখী হয় তেমনি অস্থিরতা কেটে গেলে কিংবা যুদ্ধ শেষ হলে দাম কমেও যায়। সেই হিসাবেই ২০২৭ সালের শেষভাগে বিশ্বে স্থিতিশীলতা ফিরলে এমনটা দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে সতর্কতা জরুরি, অনেক আন্তর্জাতিক সংস্থা এখনও বলছে ২০২৬ সালে দাম আরও বাড়তে পারে। তাই কলকাতার গয়নার দোকানে বা MCX-এ নজর রাখুন। বিয়ে বা বিনিয়োগের জন্য তাড়াহুড়ো না করে বাজারের গতি বুঝে সিদ্ধান্ত নিন।