জাহের থান থেকে মাঝি থান..! ৩ বছরে ঢালাও কাজ বীরভূমে! খতিয়ান তুলে ধরে আপ্লুত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ

২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বীরভূম জেলা পরিষদের তরফ থেকে ঢালাও কাজ করা হয়েছে জেলা জুড়ে, এমনটাই দাবি করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বুধবার বীরভূম জেলা পরিষদের তরফ থেকে সভাধিপতি কাজল শেখ সেই খতিয়ান সকলের সামনে তুলে ধরেন। পাশাপাশি কি কি কাজ হয়েছে তা নিয়ে লিফলেট জেলার সর্বত্র বিলি করা হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ যা জানিয়েছেন তাতে জেলার ১৬৭ টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এলাকায় রাস্তা থেকে শুরু করে ড্রেন, পুকুর সংস্কার, জাহের থান, মাঝি থান, শ্মশান, অনুষ্ঠান মঞ্চসহ স্বাস্থ্যপরিসেবা ও পশুপালন উন্নয়নে একাধিক প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে। এর পাশাপাশি পথশ্রী প্রকল্পে রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে গ্রামাঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ইত্যাদির কাজ করা হয়েছে।

আরও পড়ুনঃ দু’ঘণ্টার মধ্যে…! শান্তিনিকেতনের পোস্ট অফিসে ব্যাপক আতঙ্ক, কাজবাজ ছেড়ে ঝাঁপ নামালেন কর্মীরা

কাজল শেখ জানান, কেন্দ্র সরকারের তরফ থেকে ১০০ দিনের কাজের টাকা আটকে দেওয়া হলেও রাজ্য তথা জেলায় কাজ আটকে যায়নি। বিকল্প হিসাবে ৫০ দিনের কাজের সংস্থান করা হয়েছে এবং সেই সকল কাজের মধ্য দিয়েই এমন উন্নয়নমূলক কাজ করা হয়েছে।