বীরভূম জেলা রাজনীতিতে ফের চাঞ্চল্য। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার শুনানি শেষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক (কাজল শেখ) এবং তাঁর মা সাদেকা বিবির নামের পাশে ‘বিচারাধীন’ (Under Adjudication) শব্দটি উল্লেখ করা হয়েছে।
নানুর বিধানসভার ২৩৭ নম্বর বুথ, পাপুড়ি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার হলেন কাজল শেখ ও তাঁর পরিবার। প্রশাসনিক সূত্রে খবর, এসআইআর শুনানি প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য তাঁদের তলব করা হয়েছিল এবং তাঁরা নির্ধারিত সময়ে হাজিরাও দিয়েছিলেন। কিন্তু শুনানি সম্পন্ন হওয়ার পর প্রকাশিত তালিকায় তাঁদের নাম কেন ‘বিচারাধীন’ রাখা হলো, তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তর্জা।
প্রশাসনিক মহলের একাংশের দাবি, নথিপত্র যাচাইয়ের বিশেষ প্রক্রিয়ার কারণেই আপাতত এই অবস্থান। তবে জেলার একজন হেভিওয়েট নেতার ভোটাধিকার সংক্রান্ত এই জট কেন তৈরি হলো, তা নিয়ে সভাধিপতির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
