বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের খাস তালুক বোলপুরে তৃণমূল নেতার দখলে থাকা হোটেলে পুলিশি হানা। আর সেই পুলিশি হানায় একের পর এক আপত্তিকর জিনিসপত্র উদ্ধার। অসামাজিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতেই পুলিশের এমন অতর্কিত হানা বলেই জানা যাচ্ছে।
বোলপুর পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতার দখলে থাকা একটি হোটেলে শনিবার রাতভর পুলিশ অভিযান চালায়। যে অভিযানে নেতৃত্ব দেন খোদ বোলপুরের এসডিপিও রিকি আগারওয়াল। এছাড়াও তার সঙ্গে ছিলেন শান্তিনিকেতন থানার ওসি, পারুই থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, দখল করা ওই হোটেলে গড়ে উঠেছিল তৃণমূলের ওই অস্থায়ী কার্যালয়। যেখান থেকে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম চলত। অসামাজিক কাজকর্ম বলতে সেখানে বোমা তৈরীর কাজ চালানো হতো। পুলিশ গোপন সূত্রে এমন খবর পায় এবং তারপরেই গভীর রাতে হানা দেয় ওই হোটেল অর্থাৎ তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে।
পুলিশ গোপন সূত্রে যে খবর পেয়েছিল সেই খবর একেবারেই ভুল ছিল না তা প্রমাণিত হয় হানা দেওয়ার পরই। হানা দেওয়ার পর সেখান থেকে উদ্ধার করা হয় বোমা তৈরীর মসলা এবং কয়েকটি তাজা বোমা। যদিও এমন ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে জানা যায়, অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুনঃ তৃণমূল নেতার বাড়িতে গুলি! ব্যাপক বীরভূমে, উদ্দেশ্য নিয়ে বাড়ছে সন্দেহ
এখন প্রশ্ন উঠতেই পারে কে ওই তৃণমূল নেতা? যে এলাকায় এমন ঘটনাটি ঘটেছে সেই এলাকা দেখভাল করেন বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস। চলতি মাসের শুরুর দিকেই একই এলাকায় বাবু দাসের ঘনিষ্ঠ কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। একটি হোটেলে যুবক যুবতীদের নিয়ে অসামাজিক কাজকর্ম চালানোর পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয় এবং সেই হোটেল শিল করে দেওয়া হয়। সেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলেও বর্তমানে তারা জামিনে মুক্ত। এরপর আবার ওই একই এলাকায় পুলিশ অভিযান চালায় এবং তৃণমূলের অস্থায়ী কার্যালয় থেকে সাতজনকে আটক করার পরিপ্রেক্ষিতে ব্যাপক শোরগোল পড়েছে বোলপুর এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে বোলপুরের এসডিপিও রিকি আগারওয়াল জানিয়েছেন, স্পেশাল টিম গঠন করে তদন্ত করে দেখা হবে কে বা কারা যুক্ত এই ঘটনায়।
পুলিশি হানা দেওয়ার পর সেখানে যে সকল বোমা তৈরীর মসলা এবং বোমা উদ্ধার করা হয়েছে সেগুলি নিষ্ক্রিয় করা হয়।
