Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘুমের ঘোরেই শেষ ৯ পুণ্যার্থী, কীভাবে লাগল আগুন?

তারাপীঠে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! থানা সংলগ্ন একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু। আহত হয়েছেন আরও একাধিক ব্যক্তি। তাঁরা সকলেই মন্দিরে পুজো দিয়ে ওই হোটেলে ছিলেন।

জানা যাচ্ছে, আনুমানিক ভোর ৪:৩০ নাগাদ এসির এনসিপি-তে শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড ঘটে। সঙ্গে সঙ্গে হোটেলের লাইন বন্ধ করার চেষ্টা করা হয় এবং ফায়ার অ্যালার্ম বাজিয়ে আবাসিকদের সতর্ক করা হয়। তবে বৈদ্যুতিক তারে আগুন লেগে যাওয়ার পর তীব্র ধোঁয়া উপরের দিকে উঠতে শুরু করলে অনেকের শ্বাসকষ্ট হতে শুরু করে।

ঘটনার পরপরই আশপাশের হোটেলের কর্মী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে দমকল বাহিনী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঝলসে যাওয়া এবং অসুস্থদের দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ Bakreshwar Dham: ১৫ বছরের রেকর্ড চুরমার! শ্রাবণের শেষ সোমবারে বক্রেশ্বরে যা হল, অবাক সকলে

হোটেলে রাত কাটানো এক ব্যক্তি জানান, ভোররাতে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে ঘুম ভেঙে দেখেন পুরো হোটেল ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। হোটেল কর্তৃপক্ষের সহায়তায় তাঁরা প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে শর্ট সার্কিট নাকি নিচের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, তা নিয়ে যাত্রীদের মধ্যে সংশয় রয়েছে।

বর্তমানে দমকল ও পুলিশের বিশাল বাহিনী দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো হোটেল চত্বর ঘিরে রেখেছে এবং তদন্ত চালাচ্ছে।