কালোবাজারি বন্ধ, হেরিটেজ ওয়াক নিয়ে বড় ঘোষণা বিশ্বভারতীর! যাওয়ার প্ল্যান থাকলে আগে দেখুন

শান্তিনিকেতন হেরিটেজ ওয়াক (Shantiniketan Heritage Walk) অনলাইন টিকিট বুকিং শুরু হতে চলেছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ এই ঘোষণায় পর্যটকদের মনে ভরসা ফিরিয়ে দিয়েছে। বীরভূমের এই রবীন্দ্রভূমিতে এবার আর লাইনের ঝামেলা নয়, আর কালোবাজারির গুজব নয়।

অনলাইনে মিলবে শান্তিনিকেতন হেরিটেজ ওয়াকের টিকিট

২০২৩ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পাওয়া শান্তিনিকেতন আশ্রম এলাকা ঘুরিয়ে দেখানোর জন্য কয়েক মাস আগে শুরু হয়েছে হেরিটেজ ওয়াক। উপাসনা গৃহ, ছাতিমতলা, পাঠভবন, ঘণ্টাতলা, আম্রকুঞ্জ — রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো প্রতিটি কোণ পর্যটকদের সামনে তুলে ধরা হয় গাইডের সঙ্গে। এই ওয়াক ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

সম্প্রতি কয়েকজন পর্যটক কালোবাজারির অভিযোগ তুলেছিলেন। কেউ বলছিলেন, ৩০০ টাকার টিকিট ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। কেউ প্রধানমন্ত্রীর কাছে ই-মেলও করেছিলেন। বিশ্বভারতী কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।

হেরিটেজ ওয়াকের টিকিট একমাত্র রবীন্দ্রভবনের নির্দিষ্ট কাউন্টার থেকেই পাওয়া যায়। কোনও এজেন্সি, কোনও ব্যক্তি বা অন্য কোনও মাধ্যমে টিকিট বিক্রির ব্যবস্থা নেই। অন্য কোথাও থেকে কিনলে বিশ্বভারতী কোনও দায় নেবে না।

টিকিটের দাম ও সময়সূচি

পর্যটকদের সুবিধায় আগামী কয়েক মাসের মধ্যে শান্তিনিকেতন হেরিটেজ ওয়াক অনলাইন টিকিট বুকিং চালু হয়ে যাবে। লম্বা লাইনে দাঁড়াতে হবে না। হেরিটেজ ওয়াকের দিনও বাড়ানো হতে পারে।

ভারতীয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৩০০ টাকা ও ছাত্রছাত্রীদের (বৈধ আইডি সহ) ক্ষেত্রে ১৫০ টাকা। এছাড়া বিদেশি পর্যটকদের জন্য ৫০০ থেকে ১০০০ টাকা। রবিবার পাঁচটি স্লটে (সকাল ১০টা, ১১টা, দুপুর ১২টা, বিকেল ২:৩০ ও ৩:৩০) হয় এই ওয়াক। বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় গাইড পাওয়া যায়।